অলস্পোর্ট ডেস্ক: আরও একটা হার। আরও একটা খারাপ ফুটবলের প্রদর্শন। আইএসএল ২০২৩-২৪-এ কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ গোলে হেরে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি। প্রথম থেকে যেন হাল ছেড়ে দেওয়া ফুটবল খেলছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এতদিন প্রথমে এগিয়ে গিয়েও ম্যাচ হাতছাড়া হচ্ছিল লাল-হলুদের। আর এদিন প্রথম থেকেই পিছিয়ে থাকল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। জোড়া গোল হজম করতে হল রক্ষণের বোঝাপড়ার ভুলে। তার সঙ্গে পর পর পেনাল্টি মিস, তাতে ম্যাচের আমেজ যেন এক্কেবারেই নষ্ট হয়ে গেল। সাত মিনিটের অতিরিক্ত সময়ে আরও একটা পেনাল্টি, তা থেকে গোল এল ঠিকই কিন্তু ততক্ষণে ২-০-তে এগিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স।
তবে এদিনের হিরো অবশ্যই কেরালা গোলের নিচে দাঁড়িয়ে থাকা অনামি সচিন সুরেশ। যাঁর ডাক নাম দেব। এদিন যেন তিনি দলের জন্য দেবতা হয়েই নেমে এলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইস্টবেঙ্গলের সব আশায় ঢেলে দিলেন জল। আসল খেলাটা হল শেষ ১০ মিনিটেই। যখন সুরেশই বক্সের মধ্যে ইস্টবেঙ্গল প্লেয়ারকে বাঁধা দিয়ে পেনাল্টি পাইয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। তখনও ১-০ গোলে এগিয়ে কেরালা। ইস্টবেঙ্গলের সামনে সুবর্ণ সুযোগ সমতায় ফেরার। পেনাল্টি শট নিতে যান ক্লেটন সিলভা। কিন্তু বিধি বাম, সেই শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দিলেন সুরেশ।
যখন পেনাল্টি বাঁচিয়ে দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত কেরালা তখন রেফারি নতুন করে পেনাল্টি শট নিতে বললেন। ইস্টবেঙ্গলের জন্য সুখবর হলেও কেরালার জন্য মেনে নেওয়া কঠিন ছিল। ক্লেটন শট নেওয়ার আগেই ইস্টবেঙ্গল প্লেয়াররা জায়গা ছেড়ে এগিয়ে যাওয়ায় সেই শট বাতিল হয়। কিন্তু এ যেন আগের শটেরই অ্যাকশন রিপ্লে ছিল। সাহস করে আবাও শট নিতে গিয়েছিলেন সেই ক্লেটনই। এবারও কেরালা গোলে সাক্ষাৎ ভগবানের হাত হয়ে নেমে আসে সুরেশের হাত। আবারও সেভ। ততক্ষণে খেলা নির্ধারিত সময়ের শেষের ঘণ্টার দিকে পৌঁছে গিয়েছে।
সাত মিনিটের অতিরিক্ত সময়। সমতায় ফেরার জন্য যা যথেষ্ট ছিল কিন্তু তার আগেই আরও একটি গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। শেষ বেলায় আবারও পেনাল্টি পেয়ে সেই ক্লেটন সিলভা গোল করেন ঠিকই কিন্তু সেটা পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এদিন ৩২ মিনিটে ম্যাচে গোলের খাতা খোলেন কেরালার দাইসুকে সাকাই। দ্বিতীয় গোল করেন দিমিত্রিয়স ৮৯ মিনিটে। জার্সি খুলে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। অতিরিক্ত সাত মিনি ১০ জনে খেলতে হয় কেরালা ব্লাস্টার্সকে। ৯৭ মিনিট অতিরিক্ত সময় থাকলেও ৯৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ক্লেটন। তবে এদিনের ম্যাচ লেখা থাকল কেরালা গোলকিপারের নামে। ম্যাচের সেরাও তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
