Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ সোমবার আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটির সরজুসাই স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের। চলতি মরশুমে এটা বাগান বাহিনীর সঙ্গে নর্থ ইস্টের তৃতীয় সাক্ষাত। ডুরান্ড কাপের সেমিফাইনালে শিলংয়ের মাঠে মোহনবাগান জয় পেয়েছিল টাইব্রেকারে। শিল্ডের গ্রুপ লিগে ম্যাচে নিজের মাঠে সবুজ মেরুন ১-‌১ ড্র করেছিল। এখন দেখার আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান এসজি তিন পয়েন্ট নিয়ে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে পারে কিনা, ১৬ অক্টোবর দিল্লির মাঠে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে?‌

বৃহস্পতিবার শিল্ড ফাইনালের ডার্বি জেতার পর মোহনবাগান কোচ পানোস ও দলের ফুটবলারদের আত্মবিশ্বাস ভাল জায়গায় রয়েছে। সেটা ধরা পড়ল শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতিতে। অনুশীলনে ফুটবলারদের শরীরি ভাষায়। কোচ পানোস ও স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইনের বক্তব্যে। শিল্ডে নর্থ ইস্ট ম্যাচে চোট পেয়েছিলেন জেমি ম্যাকলারেন। শিল্ডের ফাইনাল পর্যন্ত তিনি চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এখন ফিট। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করলেন। শিল্ডের ফাইনালে মাথায় আঘাত পেয়েছিলেন ডেজান ড্রাজিচ। মাথায় ব্যান্ডেজ বেঁধে রক্তাত্ত জার্সিতে দলকে শিল্ড জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ড্রাজিচ শনিবার অবশ্য দলের সঙ্গে অনুশীলন করেননি। তিনি অধিকাংশ সময় কাটান সাজঘরে মাথার চোটের শুশ্রুষা করতে। অনুশীলনের শেষদিকে সাজঘরের বাইরে এসে হাল্কা হাঁটাহাঁটি করেন। মোহনবাগান কোচ পানোস জানালেন, ম্যাকলারেন ও ড্রাজিচ দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। যেতে পারছেন না শুধু হাঁটুতে চোট লাগা আশিস রাই। ‌

নর্থ ইস্টের বিরুদ্ধে এর আগে দু’‌বার খেলার সুযোগ পাওয়া কি আইএসএলে তাদের মুখোমুখি হওয়া কি বাড়তি সুবিধা দেবে মোহনবাগানকে?‌ কোচ পানোসের জবাব, ‘‌ এর আগে যে দু’‌বার দেখা হয়েছে নর্থ ইস্টের সঙ্গে, তখন প্রতিপক্ষ কোচ দলের সব গুরুত্বপূর্ণ ফুটবলারদের ব্যবহার করেননি শুরু থেকে। নামান পরের দিকে(‌ পড়তে হবে আলাদিন আজারাকে)‌। ডুরান্ড সেমিফাইনালে প্রতিকূল পরিবেশে শিলংয়ের মাঠে খেলতে হয়েছিল। ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। এবার পরিস্থিতি আলাদা। নর্থ ইস্ট মোটেই সহজ প্রতিপক্ষ নয়। ওদের কোচ পেড্রো বেনালির ভাবনা চিন্তা বড় মানের। ওকে আমি শ্রদ্ধা করি নানা কারণে। ভাল মানের লড়াকু ফুটবলার রয়েছে ওদের। তবে আমার ফুটবলাররাও আইএসএলের ৯০ মিনিটে সেরা দিতে তৈরি নর্থ ইস্ট ম্যাচে। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। তিন পয়েন্ট নিয়ে শুরু করলে আমরা ভাল জায়গায় থাকব পরের ম্যাচ খেলার আগে।’‌

খুব অল্পসময়ের ব্যবধানে কলকাতা লিগ, ডুরান্ড, শিল্ডে অংশ নিয়েছে মোহনবাগান ফুটলারররা। উপরন্তু আপনার ফুটবলারদের ৫জন জাতীয় দলের হয়ে পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচে অনেকটা সময় খেলেছেন। তাতে ফুটবলারদের মধ্যে একটা ক্লান্তি ভাব আসাটা স্বাভাবিক। আপনি কি সেটা মাথায় রেখে ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন নর্থ ইস্ট ম্যাচে?‌ পানোসের জানালেন, ‘‌ খুব কম সময়ে এত ম্যাচ খেললে ফুটবলারদের ক্লান্তি আসতেই পারে। সেই অবস্থায় খেলাতে গেলে চোট লেগে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ফুটবলাররা অনেকেই ক্লান্তি অগ্রাহ্য করে খেলতে পছন্দ করে। যেমন সাহালের কথাই ধরুন। ও ওভারলোডেড ম্যাচ খেলে খেলে। তবু বসতে পছন্দ করে না। সেক্ষেত্রে সেই ফুটবলারদের আগ্রহকে সম্মান দিতেই হয়। সাহালকেও তাই খেলিয়েছি। তবে এবার নর্থ ইস্টের মুখোমুখি হওয়ার আগে ফুটবলারদের শারীরিক ও মানসিক অবস্থা দেখে ঠিক করব প্রথম একাদশে কাদের রাখব।’‌

গত মরশুমে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে মোহনবাগান সুপার জায়ান্ট রানার্স হয়। আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবার কি সেটা মাথায় রেখে প্রথম ম্যাচ থেকে জয়ের সঙ্গে গোল বাড়ানোর লক্ষ্য নিয়ে খেলবেন? আপনার দলের ফিনিশিং নিয়ে একটা সমস্যা রয়েছে।‌ পানোস বলেন, ‘‌ আপাতত এত কিছু ভাবছি না। বরং আইএসএল সময়মতো শুরু হচ্ছে বলে খুশি। ফুটবলাররাও মুখিয়ে আছে সেরা দিতে। নর্থ ইস্ট ম্যাচ জিতে শুরু করাটাই লক্ষ্য। গোল পাওয়াটা জরুরি। গোলের সুযোগ তো তৈরি হচ্ছে। তাই ওসব নিয়ে ভাবছি না। লম্বা লিগ। আগে যত সম্ভব বেশি পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে। তারপর অন্য ভাবনা।’‌

শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নেন স্ট্রাইকার লি হ্যারি এরউইন। এর আগে সবুজ মেরুন জার্সিতে সদস্য-‌সমর্থকদের মন জিতেছিলেন এরউইনের স্বদেশীয় ফুটবলার স্কটিশ গ্রেগ স্টুয়ার্ট। এটা কি লি এরউইনকে চাপে রাখছে?‌ সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশার সামনে। নতুন দল ও পরিবেশে মানাতে কি সমস্যা হচ্ছে?‌ এরউইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‌ না কোনও চাপ অনুভব করছি না। বরং নতুন দলে , সতীর্থদের সঙ্গে খেলাটা উপভোগ করছি। ড্রাজিচ, জেলকোভিচ, ম্যাকলারেন সহ ভারতীয় ফুটবলারদের সহযোগিতা সবসময় পাচ্ছি। শিল্ড ফাইনালে মাথার চোট নিয়ে ড্রাজিচের লড়াই আমাকে ছুঁয়েছে। সবুজ মেরুন জার্সিতে আমারও লক্ষ্য ভাল খেলে দলকে চ্যাম্পিয়ন করা।’‌

ইস্টবেঙ্গলের কাছে শিল্ডের সেমিফাইনালে ২-‌৭ গোলে হারটা নর্থ ইস্ট কোচ বেনালি ও ফুটবলারদের মনে জ্বালা ধরিয়ে রেখেছে। তাই ঘরের মাঠে মোহনবাগানের পয়েন্ট কেড়ে সেই হারের ঝাল ঝাড়তে চাইবে তারা, এটা বলাই বাহুল্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...