সেরি আ জিতল নাপোলি। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ অপেক্ষার অবসান হল। নাপোলি শেষ বার সিরি-এ জিতেছিল ১৯৯০ সালে। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তার পর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটিয়ে ৩৩ বছর পরে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি।
দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে আগের ম্যাচেই শিরোপা জয়ের প্রস্তুতি নিয়ে এসেছিলেন সমর্থকরা। তিন দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান হবে বলে নাপোলির সমর্থকেরা আয়োজনেরও কমতি রাখেনি। তবে সেই ম্যাচে সালেরনিতানার বিপক্ষে ড্র করেছিল দল। আর সমর্থকদের ফিরতে হয়েছিল ব্যর্থ মনোরথে।
তবে বৃস্পতিবার রাতে সেই উৎসবই হল। উডিনেসের বিপক্ষে ম্যাচে ১-১ ড্র করে একটি পয়েন্ট আদায় করে নেয় নাপোলি। এতে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলে ক্লাবটি। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৮০। নাপোলির নিকটতম প্রতিদ্বন্দ্বী লাজিওর পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৪। স্বভাবতই বৃহস্পতিবারই লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে নাপোলি।
৩৩ বছর আগে নাপোলির খেতাব জয়ের প্রধান ভূমিকা নিয়েছিলেন মারাদোনা। তবে এ বার নাপোলির খেতাব জয়ের নায়ক কোনও বিশ্ববন্দিত তারকা নন, বরং এক মরশুম আগে তাঁকে কেউ তেমন ভাবে চিনতেনও না। তিনি জর্জিয়ার তারকা উইঙ্গার খিভিচা ক্যাভার্টস্খেলিয়া বা নেপলসের লোকেদের প্রিয় ‘ক্যাভারাডোনা’। সেই সঙ্গে চলতি মরশুমে দলের প্রাণভোমরা হয়ে উঠা ভিক্টর ওসিমহেনও রয়েছেন।
তবে এ দিনের ম্যাচ ড্র করতেই বেশ কসরত করতে হয় নাপোলিকে। শুরুতেই ধাক্কা খায় তারা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল হজম করে বসে তারা। স্যান্ডি লভরিচের গোলে এগিয়ে যায় উডিনেস। তবে এই ম্যাচের জন্য উডিনেসের মাঠে উপস্থিত হওয়া ১০ হাজারের মতো নাপোলি সমর্থক কিংবা মারাদোনা স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে জমায়েত হওয়া ৫০ হাজারেরও বেশি সমর্থককে শেষ পর্যন্ত হতাশ করেনি ওসিমহেনরা।
