Cart Total Items (0)

Cart

All Sports India
শঙ্করলাল চক্রবর্তী

অলস্পোর্ট ডেস্ক: বাংলার প্রথম প্রো লাইসেন্স কোচ শঙ্করলাল চক্রবর্তী । কলকাতার বড় দলে কোচিং করিয়েছেন, অল্প সময় হলেও দাপটের সঙ্গে। তবে তখনও আইএসএল শুরু হয়নি। তাঁর হাত ধরে সেই সময় সাফল্যের মুখ দেখেছিল মোহনবাগান। কিন্তু বেশিদিন বড় ক্লাবের কোচিং করানো হয়নি। তবে আশা ছেড়ে দেননি তিনি। বরং নিজের কোচিং ক্যাপাসিটি বাড়াতে যা যা করতে হয় তাই তাই করে গিয়েছেন। শেষ পর্যন্ত বাংলার প্রথম কোচ হিসেবে প্রো লাইসেন্স সার্টিফিকেট পেয়েছেন। তবে এই লাইসেন্স কোথায়, কী ভাবে কাজে লাগবে সেটা নিয়ে স্বপ্ন থাকলেও নিশ্চিত ছিলেন না। শেষ পর্যন্ত তাঁপর স্বপ্ন নিশ্চয়তা পেল।

বৃহস্পতিবার পঞ্জাব এফসি ভারতীয় সহকারি কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করে দিল‌। প্রো লাইসেন্স পাওয়ার পর তিনি বলেছিলেন, আইএসএল-এ কোচিং করাতে চান। তবে সুযোগ যেভাবে যেখানে আসবে সেখানেই তিনি কাজ করবেন। আসল তো নিজের জানাটা এই প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়া। তাই তি‌নি প্রো-লাইসেন্স পাওয়ার পর প্রথম ডাক পেয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই ছিলেন। এবার ডাক এল আইএসএল দল থেকে। প্রথম আইএসএল দলের হয়ে সহকারি কোচের ভূমিকায় যখন তিনি নামবেন তখন তাঁর দলের প্রতিপক্ষ কিন্তু সেই মোহনবাগান।

আইএসএল-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রথম এই মরসুমে নামছে গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান। ঘরের মাঠে মোহনবাগানের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। সেই ম্যাচেই হয়তো ডাগ আউটে পঞ্জাব দলের সঙ্গে দেখা যাবে প্রাক্তন এই মোহনবাগান কোচকে। আইএসএল-এর দুনিয়ার পা রাখবেন বাংলার এই কোচ।

তবে শঙ্করের কোচিং কেরিয়ার খুব ছোট নয়। মোহনবাগান ছাড়াও কলকাতায় ভবানীপুর ও মহমেডানের কোচিং করিয়েছে। এছাড়া আই লিগ ক্লাব সুদেবা এফসি এ বেঙ্গালুরু এফসিরও কোচিংয়ের দায়িত্বে ছিলেন। প্রো-লাইসেন্স যখন পান তখন তিনি সুদেবাতে ছিলেন। প্রো-লাইসেন্স পাওয়ার পর যান বেঙ্গালুরুতে। এবার তাঁর কোচিংয়ের তালিকায় যোগ হল পঞ্জাব এফসি। প্লেয়ার হিসেবে দ্রুত কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল চোটের কারণে। তাই সেই ক্লাবের তালিকাটা অত বড় না হলেও কোচিং ক্লাবের তালিকাটা কিন্তু ক্রমশই বাড়ছে বাংলার প্রথম প্রো-লাইসেন্স কোচ শঙ্করলাল চক্রবর্তীর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *