অলস্পোর্ট ডেস্ক: পূর্বভারতের অন্যতম বড় ও জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হিসেবে সুনাম কুড়িয়েছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা রান। এর ঐতিহাসিক ১০ম দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫ কে দৌড়ের আসর বসতে চলেছে কলকাতায় আবার ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আয়োজকরা।
এই উপলক্ষে সারা বছর ধরেই নানা রকম কর্মকান্ড চলতে থাকে। তার একটা হল আর্ট ক্যাম্পের আয়োজন। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে দৌড় আয়োজনে ভারতীয় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। রেড রোডে দৌড় শুরুর ব্যাপারে। সেটা স্মরণে রেখে প্রোক্যাম ইন্টারন্যাশানাল, ভারতীয় সেনাবাহিনী ও বেঙ্গল সাবএরিয়ার ফ্যামিলি ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে একটি আর্ট ক্যাম্পের সূচনা হয় রাজভবনের মার্কো হলে। এই আর্ট ক্যাম্পের সূচনা করেন বাংলার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন প্রোক্যাম ইন্টারন্যাশানালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টার বিকেক সিং, টাটা স্টিলের পক্ষে অশিস অনুপম ও ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্তারা।
এই আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গর্ভমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট, বিড়লা আকাদেমি অফ আর্ট অ্যান্ড কালচার, ও মমার্তের ২৫ জন নবীন ও প্রতিভাবান পেইন্টার। নামী শিল্পী দেবাশিস মল্লিক চৌধুরীর তত্ত্বাবধানে এই শিল্পকলার প্রদর্শনী হবে সাধারনের জন্য। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই সেনাবাহিনীর ফ্যামিলি ওয়েলফেয়ার ফান্ডে যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
