অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা হকি দলের জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। সদ্য বেলজিয়াম ও হল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ হকি বিশ্বকাপে মহিলা দল পঞ্চম স্থানে শেষ করায়। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণের ম্যাচে সেলিমার টেটের নেতৃত্বে ভারতীয় মহিলা হকি দল আমস্তেলভিনে বিশ্বে ৫ নম্বর স্থানে থাকা জার্মানিকে ৩- ১ গোলে হারিয়ে দেয়। এটাই ভারতীয় মহিলা দলের সবচেয়ে ভাল ফল ১৯৭৪য়ে উদ্বোধনী হকি বিশ্বকাপের পর। ১৯৭৪য়ে ভারতীয় হকি দল চতুর্থ স্থান পেয়েছিল।
এবার ভারতীয় মহিলা হকি দলে পারফরমেন্স যথেষ্টই প্রশংসনীয়। অল্পের জন্য মহিলা দল সেমিফাইনালে যেতে পারেনি। প্রতিযোগিতায় চিফ কোচ সোয়ার্দ মারিনের তত্ত্বাবধানে শুধুমাত্র হল্যান্ড ম্যাচ হেরে, র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা চীন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র আর দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে হারিয়ে নতুন আশা জাগিয়েছে সকলের মনে। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ টিরকে মহিলা দলের প্রশংসা করে বলেন, ‘ ভারতীয় মহিলা হকি দল বিশ্বকাপে পঞ্চম স্থান পেয়ে ইতিহাস গড়েছে। কারণ এই সাফল্য এসেছে ৫২ বছর বাদে মহিলা হকি খেলোয়াড়দের পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতা তুলে ধরার জন্য। তাঁদের এই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে হকি ইন্ডিয়ার তরফে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারেক ঘোষণা করেছি। আশা করি ভারতীয় মহিলা দলকে এই পুরস্কার আরও ভাল খেলতে ও বড় ধরনের সফল্য পেতে সাহায্য করবে।’
দিলীপ টিরকের সঙ্গে সুর মিলিয়ে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং বলেছেন, ‘ সেলিমা টেটে ও তাঁর খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছে বিশ্বের নামী ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে। এই পারফরমেন্স আসন্ন এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে পদক জেতার লড়াইয়ে ঝাঁপাতে আত্মবিশ্বাস জোগাবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
