ছবি: হকি ইন্ডিয়া
অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ ও এশিয়ান গেমসের কথা মাথায় রেখে ভারতীয় সিনিয়র মহিলা হকি দলের প্রস্তুতিতে জোর দিল হকি ইন্ডিয়া। সোমবার থেকে প্রস্তুতি শিবির শুরু হয়েছে। চলবে ২০ মে পর্যন্ত। এই শিবির জরুরি ছিল ভারতীয় সিনিয়র মহিলা হকি দলে জন্য, কারণ তারা এফআইএইচ নেশনস কাপের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি সফরে যাবে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৫ থেকে ২১ জুন এফআইএইচ নেশনস হকি কাপের আসর বসবে।
এই প্রস্তুতি শিবিরটা ভারতীয় হকি দলের স্ট্রেংথ ও স্ট্যামিনা বাড়ানোর জন্যই ব্যবহার করবেন কোচেরা। কারণ ১৫ থেকে ৩০ আগস্ট ভারতীয় সিনিয়র মহিলা হকি দলকে বেলজিয়াম ও হল্যান্ডে ২০২৬ বিশ্বকাপ হকির কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। তারপর রয়েছে জাপানের মাটিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ২০২৬ এশিয়ান গেমসে পদক জয়ের লড়াই।
এসবের আগে আরও একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল ২০২৮ এলএ অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ পেতে। সেটা হল এফআইএইচ নেশনস কাপে। এখানে চ্যাম্পিয়ন হলে ২০২৬-২৭ এফআইএইচ হকি প্রোলিগে সরাসরি যোগ্যতার্জন সম্ভব হবে। আর সেই টুর্নামেন্টে বিজয়ী হলে ২০২৮ অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত হবে ভারতীয় মহিলা হকি দলের।
এপ্রিলে যে ৩১ জন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের নিয়ে শিবির করেছিলেন কোচ সোয়ের্দ মারজিন, তাঁদের এবারও রেখেছেন শিবিরে। মূলত বোঝাপড়া, ফিটনেস, টেকনিকাল ও ট্যাক্টিকাল দিকগুলি আরও বৃদ্ধির লক্ষেই এই শিবিরের আয়োজন করেছে হকি ইন্ডিয়া। মারজিন জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে এই সংক্ষিপ্ত সময়ের শিবিরের প্রয়োজন ছিল খেলোয়াড়দের শক্তি, বোঝাপড়া ও ফিটনেস লেভেলটা নতুন করে ঝালিয়ে নিতে। এরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। খেলার সময় এগুলোতে সেভাবে নজর দেওয়া সম্ভব হয় না। তখন শুধুই ট্যাক্টিকাল দিকটা ধারালো করায় মন দিতে হয়।
শিবিরে রয়েছেন চার অভিজ্ঞ ও প্রতিভাবান গোলকিপার সবিতা, মাধুরী কিন্ডো, বিচু দেবী, বনসারি সোলাঙ্কি। ডিফেন্ডার নিক্কি প্রধান, ইশিকা চৌধুরি, জ্যোতি সিং, লালথানলুয়াংগি, জ্যোতি, উদিতা, শিল্পী ডাবাস। মাঝমাঠে অধিনায়ক সালিমা টেটে ছাড়াও আছেন সুশীলা চানু, মনীষা চৌহান, বৈষ্ণবী ভিট্টল, সাক্ষী রাণা, সুনেলিতা টোপ্পো, নেহা, ইশিকা। ফরোয়ার্ডে দীপিকা সোরেন, রুতুজা পিসাল, বলজিত কাউর, নবনীত কাউর, দীপিকা, অন্নু, বিউটি ডুংডুং, হিনা বানো, সোনম, লালরেমসিয়ামি, মমতাজ খান, সঙ্গীতা কুমারী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
