Cart Total Items (0)

Cart

All Sports India

 

‌অলস্পোর্ট ডেস্ক:‌ এএফসি মহিলা এশিয়ান কাপের কোয়ার্টারফাইনালে উঠতে না পারায় ২০২৭ ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় মহিলা ফুটবল দলের। সেখানে ভারতীয় মহিলা হকি দল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছে হায়দরাবাদের কোয়ালিফাইং রাউন্ডের সেমিফাইনালে উঠে। ভারতীয় মহিলা হকির জন্য যা একটা বড় ঘটনা।

আন্তর্জাতিক হকি সংস্থা ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে শেষ ৭টি স্থান নির্ণয়ের জন্য একইসঙ্গে চিলির সান্তিয়াগো ও ভারতের হাযদরাবাদে দুটি কোয়ালিফায়ারের আয়োজন করেছিল। নিয়মানুযায়ী দুটি কোয়ালিফায়ারের প্রথম ৩টি দল ও র‌্যাঙ্কিংয়ে সেরা চতুর্থ দল ১৫ থেকে ৩০ আগস্ট, বেলজিয়াম ও হল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারতীয় মহিলা হকি দল সেই যোগ্যতামান ছুঁতে পেরেছে।

সান্তিয়াগোতে আয়োজক চিলি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড প্রথম তিনটি স্থান দখল করে সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে। বিশ্বের র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা জাপান সান্তিয়াগো পর্বের কোয়ালিফায়ারে চতুর্থ হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

সেখানে শুক্রবার হায়দরাবাদে ইতালির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় মহিলা হকি দল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর দল হিসেবে তারা জাপানকে ৯ স্থান পিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছে। ইতালির কাছে সেমিফাইনালে, এমনকি তার পরের প্লেঅফ ম্যাচে হারলেও, হায়দরাবাদ পর্বের কোয়ালিফায়ারের র‌্যাঙ্কিংয়ে সেরা চতুর্থ স্থান হিসেবে ভারতের বিশ্বকাপে খেলা আটকাবে না।
এতে ভারতীয় মহিলা হকি দলের শিবিরে খুশির বাতাস বইছে। তারা এখন ইতালি ম্যাচটা চাপমুক্ত মনে খেলতে নামতে তৈরি।

এই নিয়ে নবমবার মহিলা বিশ্বকাপ হকিতে যোগ্যতার্জন করল ভারতীয় মহিলা হকি দল। ১৯৭৪ সালে চতুর্থ স্থান পাওয়াটাই ছিল প্রথম বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে ভাল ফল। ২০২২ স্পেন বিশ্বকাপে ভারত শেষ করেছিল নবম স্থানে। এবার বিশ্বকাপে যোগ্যতার্জন নিশ্চিত হওয়ার পর ভারতীয় দলের কোচ সোয়ের্দ মারিনের প্রতিক্রিয়া, ‘‌ ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করাটা এই দলটার জন্য একটা বড় মাইলফলক ছুঁয়ে ফেলা। এই টুর্নামেন্টে ওদের পারফরমেন্স প্রশংসনীয়। তবে শুধু কোয়ালিফাই করেই সন্তুষ্ট থাকলে হবে না। খেলায় আরও উন্নতি করতে হবে, এই টুর্নামেন্ট জিততে হবে।’‌

হায়দরাবাদের কোয়ালিফাইং পর্বের গ্রুপ পর্যায়ের ম্যাচে ৩টি ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে স্কটল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ৪-‌১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন ভারতের নভনীত কাউর। ৪ গোল করে তিনি যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন এখন টুর্নামেন্টে। গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৪-‌০ গোলে হারিয়েছিল উরুগুয়েকে। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়ে স্কটল্যান্ডের সঙ্গে ২-‌২ ড্র করেছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *