অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, দু’টি ডোপিং অপরাধের জন্য প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান সিমোনা হালেপ-কে টেনিস থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ৩১ বছর বয়সী রোমানিয়ানকে ২০২২ ইউএস ওপেনে রক্ত-বর্ধক পদার্থ রক্সাডুস্ট্যাট ব্যবহার করে ডোপ পরীক্ষায় ধরা পড়ে যান। গত বছরের অক্টোবর থেকে সাময়িকভাবে তাঁকে নির্বাসিত করা হয়। এবং মে মাসে দু’বারের গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়নকে তাঁর অ্যাথলেট বায়োলজিক্যাল পাসপোর্টে (এবিপি) অনিয়ম সংক্রান্ত দ্বিতীয় অ্যান্টি-ডোপিং লঙ্ঘনের অভিযোগ আনা হয়। দু’টি অভিযোগই একটি স্বাধীন ট্রাইব্যুনাল বহাল রেখেছে।
হালেপ, যিনি অস্থায়ীভাবে ২০২২-এর অক্টোবর থেকে নির্বাসিত ছিলেন, ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবার তাঁর পেশাদার টেনিসে ফেরার পথ আটকে গেল।
কিন্তু আইটিআইএ-র বিবৃতি প্রকাশের পরপরই, হালেপ ঘোষণা করেছিলেন যে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবেন। তিনি বলেছিলেন, “আজ (মঙ্গলবার), টেনিস অ্যান্টি-ডোপিং প্রোগ্রামের অধীনে একটি ট্রাইব্যুনাল আমার জন্য একটি অস্থায়ী সিদ্ধান্ত ঘোষণা করেছে। গত বছরটি সবচেয়ে কঠিন ম্যাচ ছিল। আমার জীবনের, এবং দুর্ভাগ্যবশত আমার লড়াই অব্যাহত আছে।’’
তিনি আরও বলেন, “আমি টেনিসের মতো সুন্দর খেলার জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আমাদের খেলাকে নিয়ন্ত্রণ করে এমন নিয়মগুলিকে খুব গুরুত্ব সহকারে নিই এবং আমি গর্ব করি যে আমি কখনওই জ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে কোনও নিষিদ্ধ পদার্থ ব্যবহার করিনি। আমি তাদের চার বছর নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করতে অস্বীকার করছি। আমি খেলাধুলার জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন করতে চাই।”
২৮-২৯ জুন লন্ডনে একটি স্বাধীন ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছিলেন হালেপ। যারা হালেপের কাছ থেকে প্রমাণসহ তাঁর বক্তব্য শুনেছে। ২০১৮ ফরাসি ওপেন এবং ২০১৯ উইম্বলডন একক শিরোপা জয়ীর সামনে এখন দীর্ঘ লড়াই।
১১ সেপ্টেম্বর, ট্রাইব্যুনাল – যা বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রমাণও শুনেছে এবং প্রায় আট হাজার পৃষ্ঠার প্রমাণগুলি যাচাই করেছে – এটি নিশ্চিত করেছে যে হালেপ টেনিসের অ্যান্টি-ডোপিং নিয়ম ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন।
এর মধ্যে একটি হল ২০২২ ইউএস ওপেনে তাঁর মূত্রের নমুনায় আবিষ্কৃত রক্সাডুস্ট্যাট ব্যবহার, অন্যটি এবিপি প্রোগ্রামের অংশ হিসাবে হালেপ দ্বারা প্রদত্ত ৫১টি রক্তের নমুনার সংগ্রহ ও বিশ্লেষণের উপর ভিত্তি করে। এটি হল একটি পদার্থ যা রক্তাল্পতার চিকিৎসার জন্য বৈধভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায়ও রয়েছে কারণ এটি একটি রক্ত-ডোপিং এজেন্ট হিসাবে বিবেচিত হয়, যা হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায়।
আইটিআইএর প্রধান নির্বাহী কারেন মুরহাউস বলেছেন, “একটি জটিল এবং কঠোর শুনানির প্রক্রিয়ার পরে, আমরা স্বাধীন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আইটিআইএ যথাযথ প্রক্রিয়াগুলি অনুসরণ করেছে যেমন আমরা অন্য কোনও ব্যক্তির সঙ্গেও করব। বিশ্ব ডোপিং বিরোধী কোড অনুসারে খেলার পক্ষে ন্যায্য প্রতিযোগিতার নীতি বজায় রাখার জন্য আমাদের উদ্দেশ্য এবং দায়িত্ব পূরণ করব৷’’
তিনি আরও জানান, উল্লেখযোগ্য জনস্বার্থের পরিপ্রেক্ষিতে, হালেপের মামলার সম্পূর্ণ সিদ্ধান্ত যথাসময়ে প্রকাশিত হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
