আর্শদীপ সিং
অলস্পোর্ট ডেস্ক: পেসার আর্শদীপ সিং ওডিআই ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া প্রথম ভারতীয় পেসারের কৃতিত্ব অর্জন করলেন। জোহানেসবার্গে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআইয়ে ২৪ বছর বয়সী পেসার এই কীর্তি স্থাপন করেন। আর্শদীপ এদিন দুরন্ত বল করেন, ১০ ওভারে ৩.৭ ইকোনমি রেট-সহ ৫/৩৭ উইকেট তুলে নেন। এই পেসার দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে রীতিমতো তছনছ করে দেন। রিজা হেনড্রিকস, টনি ডি জর্জি এবং রাসি ভ্যান ডের ডুসেনের উইকেট নিজের পকেটে পোড়েন তিনি। পরে তিনি বিপজ্জনক হেনরিখ ক্লাসেন এবং অলরাউন্ডার অ্যান্ডিল ফেহলুকওয়েও-কে তুলে নেন।
সামগ্রিকভাবে, তিনি ভারতের হয়ে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ বোলার।
প্রথম এই সাফল্য পেয়েছিলেন স্পিনার সুনীল জোশী (৫/৬)। যিনি ১৯৯৯ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন। তারপর স্পিনার যুজবেন্দ্র চাহাল (৫/২২) ২০১৮-তে সেঞ্চুরিয়নে এবং রবীন্দ্র জাদেজা (৫/৩৩) ২০২৩-এ কলকাতায় পাঁচ উইকেট।
তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরে, আর্শদীপ বলেন যে তিনি বিষয়টিকে সহজ রাখার চেষ্টা করছেন এবং ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে তাঁর উইকেটের খাতা খুলতে পেরেছেন।
“কাজটা সহজ রাখার চেষ্টা করছিলাম। ওয়ানডেতে আমি এর আগে আমার অ্যাকাউন্ট খুলিনি। ফাইফার দিয়ে শুরু করা দুর্দান্ত। উইকেটটি সহায়ক ছিল। আমরা যখন আলোচনা করছিলাম, তখন আমরা ভেবেছিলাম খুব বেশি মুভমেন্ট থাকবে না। কিন্তু আমরা অবাক হয়ে যাই, সেখানে হাওয়াও ছিল তাই পরিকল্পনা ছিল উইকেট থেকে উইকেটে বল রাখা এবং এলবিডব্লিউ/বোল্ডের সুযোগ নেওয়া। বোলার হিসেবে মানিয়ে নেওয়া আমাদের জন্য চাবিকাঠি। আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং কাজটি করতে পেরে গর্বিত। বেশ গরমও ছিল। আমি অনেকদিন পর ৫০ ওভারের ফর্ম্যাটে খেলছি, তাই এটা কঠিন ছিল কিন্তু ফাইফারের পর আমি তরতাজা অনুভব করছি,” ইনিংসের পরে বলেন আর্শদীপ।
ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। কিন্তু ভারতীয় পেসার আর্শদীপ এবং আভেশ খান সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন প্রোটিয়াদের জন্য। শুধুমাত্র ডি জর্জি (২২ বলে ২৮, দু’টি চার এবং দু’টি ছক্কা সহ) এবং ফেহলুকওয়েও (৪৯ বলে ৩৩, তিনটি চার এবং দু’টি ছক্কা সহ) কিছুটা অবদান রাখতে পারেন। দক্ষিণ আফ্রিকা ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়।
ভারতের পক্ষে শীর্ষ বোলার ছিলেন আর্শদীপ (৫/৩৭) এবং আভেশ (৪/২৭)। ভারতের হয়ে একটি উইকেট পান স্পিনার কুলদীপ যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
