অলস্পোর্ট ডেস্ক: ভারতের শীর্ষস্থানীয় সিঙ্গলস টেনিস খেলোয়াড় সুমিত নাগাল সোমবার তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো এটিপি একক র্যাঙ্কিংয়ের সেরা ১০০-তে জায়গা করে নিলেন। ২৩ ধাপ লাফিয়ে এই জায়গায় পৌঁছলেন তিনি। রবিবার চেন্নাই ওপেন চ্যালেঞ্জার ইভেন্টে জয় সর্বশেষ একক র্যাঙ্কিংয়ে নাগালকে ৯৮তম স্থানে পৌঁছে দিয়েছে। যার শীর্ষে রয়েছেন নোভাক জকোভিচ। গত মাসে নাগাল ৩৫ বছরের মধ্যে কোনও গ্র্যান্ড স্লামে বাছাই করা খেলোয়াড়কে পরাজিত করা প্রথম ভারতীয় হয়েছিলেন যখন তিনি প্রথম রাউন্ডে কাজাখস্তানের সেই সময়ের বিশ্বের ২৭ নম্বর আলেকজান্ডার বুবলিককে হারিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে চিনের জুনচেং শাং-এর কাছে হেরে যান তিনি।
২০১৯ সালের পর থেকে নাগালই প্রথম ভারতীয় যিনি শীর্ষ-১০০-তে স্থান পেয়েছেন। “আমি খুব আবেগপ্রবণ। আপনি জানেন, প্রতিটি টেনিস খেলোয়াড়ের স্বপ্ন অন্ততপক্ষে শীর্ষ ১০০ হওয়া। যেমনটি আমি আগেই বলেছি, আপনার নিজের দেশের দর্শকদের সামনে এই ম্যাচটি জিততে পারা এবং এই জায়গায় পৌঁছনো, এর থেকে ভাল কিছু আর হতে পারত না,” নাগাল রবিবার চেন্নাইতে তার জয়ের পরে বলেছিলেন।
“আমি এখনও খুব আবেগপ্রবণ। গত বছর ৫০০ র্যাঙ্ক করা, অস্ত্রোপচার করা, আর্থিক সহায়তা না পেয়ে খুব কঠিন ছিল। অনেক উত্থান-পতন, আপনি জানেন। এবং আমি খুব খুশি যে আমি প্রতি দিন ধাক্কা খাওয়ার পরও ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পেয়েছি এবং নিজেকে এখানে আসার সুযোগ দিয়েছি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
