অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনই অভিষেকেই নজর কেড়ে নিয়েছিলেন। দীর্ঘদিন অপেক্ষার পর ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেকে আবেগান্বিত হতে দেখা গিয়েছিল তাঁর বাবাকে। তার পর ছয় নম্বরে ব্যাট করতে নেমে অভিষেকেই হাফ সেঞ্চুরিটিও হাঁকিয়ে ফেলেছিলেন। তাঁর অভিজ্ঞ ব্যাটিং ভরসা দিচ্ছিল ভারতের ইনিংসকে, কিন্তু বাধ সাধল রবীন্দ্র জাডেজার সেঞ্চুরি। তখন ৯৯ রানে ব্যাট করছেন জাডেজা। চোট কাটিয়ে ফিরেছেন দলে। ফিরেই সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে। তাই কোনওভাবেই তিনি সেটা হাতছাড়া করতে চাননি।
৮১.৫ ওভারে অ্যান্ডারসনের বলে টোকা দিয়ে রানের জন্য বেরিয়ে এসেছিলেন জাডেজা, সেই দেখে উল্টোদিক থেকে দৌঁড়ও শুরু করেছিলেন সরফরাজ। কিন্তু বল আটকে যায় উডের হাতে। তা দেখে নিজের জায়গায় ফিরে যান জাডেজা কিন্তু সরফরাজ আর ফিরতে পারেননি। সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ৬৬ বলে ৬২ রানে মাঠ ছাড়েন সরফরাজ খান।
পরের বলেই এক রান নিয়ে নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করেন জাডেজা। কিন্তু সরফরাজের আউটে অনেকটাই যেন তাঁর দায় থেকে গেল। এই আউট যে স্বয়ং অধিনায়ক রোহিত শর্মাও মেনে নিতে পারেননি। সরফরাজ আউট হতেই লাইভ ক্যামেরা ঘুরে গিয়েছিল ড্রেসিংরুমের দিকে। আর তখনই ধরা পড়ে যায় রোহিতের হতাশা। নিজের মাথা থেকে টুপি খুলে ছুঁড়ে ফেলেন তিনি। সরফরাজ টিকে থাকলে তৃতীয় টেস্টের প্রথম দিনই চার উইকেটে ৩৫০ রানের গণ্ডি পেরিয়ে যেতে পারত ভারত। কিন্তু এই আউটে রানের গতি অনেকটাই কমে যায়। নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন কুলদীপ যাদব। তিনি ১০ বলে এক রানই যোগ করতে পারেন প্রথম দিনের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত ৩২৬-৫। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। এদিন ব্যাট হাতে ব্যর্থ তিনি। করলেন মাত্র ১০ রান। তার পর শুবমান গিল (০) ও রজত পাতিদার (৫) ভরসা দিতে পারেননি। এর পর রোহিতের সঙ্গে ব্যাট করতে নামেন জাডেজা। ৩৩-৩ থেকে রোহিত যখন আউট হন তখন ভারতের রান পৌঁছে গিয়েছে ২৩৭-এ। ১৯৬ বলে ১৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রানে পৌঁছন রোহিত।
রোহিত আউট হতেই ক্রিজে আসেন সরফরাজ। জাডেজার সঙ্গে ব্যাট হাতে সমানে সমানে লড়াই শুরু করেন। কিন্তু এদিন তাঁর ভাগ্য খারাপ ছিল। অল্পের জন্য রান আউট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তিনি ৬২ রানে আউট হওয়ার পর দিনের শেষে ক্রিজে রয়েছেন জাডেজা ও কুলদীপ। জাডেজা ব্যাট করছেন ১১০ রানে। কুলদীপ রয়েছেন এক রানে। এদিন ৮৬ ওভারই খেলা হওয়া সম্ভব হয়। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন মার্ক উড। একটি রান আউটও করেন। এক উইকেট নেন টম হার্টলি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
