অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সম্প্রতি তাঁর বাবার একটি সাক্ষাৎকারের পর রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। জাডেজার বাবা ছেলের সঙ্গে সম্পর্ক না থাকার জন্য ক্রিকেটারের স্ত্রীর দিকে আঙুল তুলেছিলেন তাঁর সমালোচনা করেছিলেন। জাডেজা কয়েকদিনের মধ্যেই তার জবাব দিয়েছিলেন। পারিবারিক এই টানাপোড়েনের মধ্যেও রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পরে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু জিতে নিয়েছেন তিনিই।
জাডেজা সম্মানটি তাঁর স্ত্রী রিভাবাকে উৎসর্গ করেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জাডেজা তাঁর স্ত্রীর প্রভূত প্রশংসা করেছেন। মাঠে তাঁকে আরো ভাল পারফর্ম করতে তাঁর নেপথ্যে কতটা কঠোর পরিশ্রম করছেন সে সম্পর্কে কথা বলেছেন।
জাডেজা একটি ভিডিওতে বলেছেন, “দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করাটা একটি বিশেষ অনুভূতি। এবং তাও একই টেস্টে একশ এবং ৫ উইকেট নেওয়া বিশেষ। এটি আমার হোম গ্রাউন্ডে পাওয়া বিশেষ ম্যান অফ দ্য ম্যাচ। আমি এই পুরস্কারটি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। সে পর্দার আড়ালে মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছে। সে সবসময় আমাকে আত্মবিশ্বাস দেয়।”
এর আগে, জাডেজা বলেছিলেন যে সাক্ষাৎকারে তাঁর বাবা যে দাবি করেছেন তা ‘অর্থহীন এবং মিথ্যা’। “দিব্য ভাস্করের সঙ্গে সেই সাক্ষাৎকারে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা অর্থহীন এবং মিথ্যা। এগুলি একতরফা মন্তব্য যা আমি অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অনুচিত এবং নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু আমি এই জিনিসগুলি জনসমক্ষে প্রকাশ না করাই ভাল বলে মনে করি,” জাদেজা বলেছিলেন।
রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে জাডেজার ৫ উইকেটের সৌজন্যে, ভারত দীর্ঘতম ফর্ম্যাটে (রানের নিরিখে) তাদের সবচেয়ে বড় জয় নিশ্চিত করেছে, ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
