অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান থেকে এটিকে সরানোর জন্য কম আন্দোলন করেননি সমর্থকরা। দিনের পর দিন সোচ্চার হয়েছেন তাঁরা। শেষ পর্যন্ত আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান থেকে এটিকে সরার কথা ঘোষণা করেন দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এবং জানিয়ে দেওয়া হয়, এটিকে মোহনবাগান থেকে নাম বদলে হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট । এবার সেই নতুন নামের লোগো চলে এল সামনে। মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজে সেই লোগো প্রকাশ করা হল ক্লাবের পক্ষ থেকে।
নতুন লোগোতে রাখা হয়েছে ওপরে মোহনবাগান ও নিচে সুপার জায়ান্ট লেখা। সঙ্গে রয়েছে ক্লাবের প্রতিষ্ঠার বছর ১৮৮৯। ক্লাবের নতুন লোগে আসতেই ক্লাব সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় মুখ বদলে চলে এল সেই লোগো। এই লোগো দেখে খুশি সমর্থকরা। এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। সংশয় ছিল কেমন হবে লোগো। তবে শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ যে সমর্থকদের মন জিতে নিতে পেরেছে তা নিয়ে কোনও সংশয় নেই।
এই মুহূর্তে আগামী মরসুমের জন্য দল গড়তে ব্যস্ত ক্লাব। জেসন কামিন্স দলের সঙ্গে যুক্ত হয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাসকে নিয়ে এসে চমক দিয়েছে তারা। এছাড়া দলে রয়েছে পেত্রাতোস, সাদিকুর মতো প্লেয়ার। ভারতীয়দের মধ্যে অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়েছে বড় অঙ্কের পরিবর্তে। সব মিলে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে এএফসি কাপে খেলতে নামবে দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
