ইস্টবেঙ্গল ২(এডমুন্ড, লোবা) স্পোর্টিং দিল্লি ২(ফোরটিস-পেনাল্টি, আশুতোষ)
মুনাল চট্টোপাধ্যায়: আইএসএল ডার্বির আগে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জিততে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বিশেষ করে ইন্টারন্যাশানাল ব্রেকের আগে আইএসএলের ম্যাচে চেন্নাইন এফসির কাছে ৩-৫ গোলে হারায়। কিন্তু ডার্বির আগে জয় অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। শুক্রবার ঘূর্ণিঝড় আকভান ওড়িশার উপকূলে তেমন কোনও ক্ষতি করতে না পারলেও, যুবভারতীর মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির দুর্যোগের ঘনঘটায় পয়েন্ট খোয়াতে হল ইস্টবেঙ্গলকে ২-২ ড্র করে। ম্যাচে দু’দুবার পিছিয়ে পড়ে গোল শোধ করে হার ও সম্মান বাঁচালো হাবাস ব্রিগেড। আইএসএলের ৪ ম্যাচে দুটো জয়, একটা হার ও একটা ড্রয়ের সুবাদে ৭ পয়েন্ট পেয়ে ডার্বির আগে চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল।
আভাসটা ম্যাচের আগেরদিনই দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সাফজয়ী দলে থাকা ডিফেন্ডার সন্দীপ মান্ডি ও উইঙ্গার পিভি বিষ্ণুকে ক্লান্তির কারণে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে রাখবেন না। কারণ মুখে যাই বলুন, হাবাসের মাথাতেও ঘুরছে ২৯ নভেম্বর ডার্বি ম্যাচ। লাল হলুদ কোচ বিলক্ষণ জানেন, আনোয়ারবিহীন রক্ষণ নিয়ে ডার্বি ম্যাচ উতরোতে হলে, সন্দীপ মান্ডিকে ওই ম্যাচে প্রয়োজন হবে। জিবুলিচের পাশে লালচুংনুঙ্গাকে স্টপারে খেলিয়ে ডার্বিতে তিনি যে নিশ্চিন্ত বোধ করবেন না,সেটা বলাই বাহুল্য। তার প্রমাণ তো মিলেই গেল দিল্লি ম্যাচে ২ গোল হজম করে।
আর তাই বৃষ্টি ভেজা মাঠে দিল্লির বিরুদ্ধে নামিয়ে সন্দীপের চোট লাগার ঝুঁকি বাড়াতে চাননি। তবে বিষ্ণুকেও ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়ায় নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে খেলা জয় গুপ্তাকে বসিয়ে রাখতে পারেননি হাবাস সাইডব্যাকে বিকল্প ভাল ফুটবলার না থাকায়। নিউজিল্যান্ড সফরের ক্লান্তির কথা মাথায় রেখে শুরুতে ডেভিডকেও খেলাননি হাবাস। পরে অবশ্য সন্দীপ ছাড়া সবাইকেই ব্যবহার করতে বাধ্য হন ইস্টবেঙ্গল কোচ, ম্যাচে হার বাঁচাতে। হার বাঁচলো, কিন্তু জেতা সম্ভব হল না।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলে খেলায় একটা বাঁধুনি ছিল। আক্রমণ তুলে আনার উদ্যোগ নজরে এসেছিল। ১৯ মিনিটে বক্সে বল পেয়ে হাফ টার্নে বাঁপায়ে রামিরেজ উঁচু শট নিলে, তা ক্রশপিসে লাগলে গোল খাওয়ার হাত থেকে বাঁচে স্পোর্টিং ক্লাব দিল্লি।
৩১ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় দিল্লি খেলার গতির বিরুদ্ধে। প্রতিআক্রমণ থেকে পেনা বল পেয়ে থ্রু বাড়ালে ইস্টবেঙ্গলের ডিফেন্স কেটে যায়। বল চলে যায় বক্সে দাঁড়ানো মহম্মদ আইমানের পায়ে। সামনে শুধু গোলকিপার প্রভুসুখন। বাঁ পা থেকে ডানপায়ে বল নিয়ে শটে গোল করার উদ্যোগ নেন আইমান। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এসে বল কাড়তে গিয়ে আইমানকে বক্সে ট্রিপ করেন রশিদ। রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি। কার্লোস ফোরটিস পেনাল্টি থেকে গোল করেন।
তবে বেশিক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৪০ মিনিটে এডমুন্ডের দর্শনীয় গোলে সমতা ফেরায় লাল হলুদ। এক মিনিট আগেই বক্সের বাইরে থেকে রশিদের নেওয়া গোলার মতো শট ফিস্ট করে রুখেছিলেন দিল্লি গোলকিপার নোরা ফার্নান্ডেজ। বল থ্রো লাইনের বাইরে চলে যায়। এডমুন্ড থ্রো করে বল দেন জয় গুপ্তাকে। নিজে ঢুকে আসেন ভেতরে। জয়ের পা ঘুরে রামিরেজের কাছে আসে বল। তাঁর বাড়ানো বল ধরে এডমুন্ড দিল্লির ডিফেন্ডারদের জটলার ফাঁক দিয়ে কোনাকুনি উঁচু শট নিলে, তা দ্বিতীয় পোস্টের কোন দিয়ে জালের ভেতর জড়িয়ে যায়। ডার্বির আগে এডমুন্ডের গোলে ইস্টবেঙ্গল সমর্থকরা যে উজ্জীবিত হয়েছিলেন বলাই বাহুল্য। কিন্তু ৭৪ মিনিটে ডুরান্ড ডার্বিতে হ্যাটট্রিক করা এডমুন্ডের চোটের জন্য মাঠের বাইরে চলে যাওয়াটা চিন্তার কারণ হয়ে থাকলো। এডমুন্ড ১০ সপ্তাহ মাঠের বাইরে কব্জি ভাঙায়। প্রথমার্ধের সংযুক্তি সময়ে জয় গুপ্তার শট পোস্টের তলায় লেগে না ফিরলে, তখনই এগিয়ে যেত ইস্টবেঙ্গল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে খেলা শুরু করে। প্রথমার্ধে যুবভারতীর ঘাসের নীচে থাকা জল কাদায় নিজেদের ঠিকমতো মানিয়ে নিতে পারেননি দিল্লির ফুটবলাররা। পিচ্ছিল সারফেসের কারণে দিল্লির দুই ফুটবলারকে চোট পেয়ে বেরিয়ে যেতেও হয়। দ্বিতীয়ার্ধে সে সমস্যাটা কাটিয়ে উঠে আক্রমণের ঝাঁজ বাড়ায়। ৬৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েও যায় ইস্টবেঙ্গল রক্ষণের আলগা ভাবে। আইমানের কর্নারে বক্সের মাঝে রড্রিগুইনহো হেড নিলে, তা গোলকিপার প্রভুসুখনের হাতে লেগে পোস্টে লেগে ফেরার মুখে আশুতোষ মেহতা আলগা বল গোলের ভেতর পাঠিয়ে দিল্লিকে ২-১ এগিয়ে দেন।
পিছিয়ে থাকার সময় ৭৪ মিনিটে একটা বড় ধাক্কা লাগে ইস্টবেঙ্গল শিবিরে। হাতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন এডমুন্ড। তাঁর জায়গায় বিষ্ণুকে নামান হাবাস। জিকসনকে তুলে ডেভিড ও ম্যাচে দর্শকের ভূমিকা নেওয়া লুকাসের জায়গায় একে লোবাকে নামান হাবাস আক্রমণের ধার বাড়াতে। তাতে ফল মেলে। ৮৩ মিনিটে বদলি লোবার গোলে ২-২ করে স্বস্তি ফেরে ইস্টবেঙ্গল শিবিরে। ডেভিডের মাইনাস রামিরেজের পায়ে লেগে লোবার কাছে গেলে, তিনি গোলের ভেতর পাঠান(২-২)।
ইস্টবেঙ্গল: প্রভুসুখন, হার্দিক, জিবুলিচ, লালচুংনুঙ্গা, জয়, বিপিন, জিকসন(ডেভিড), রশিদ, এডমুন্ড(বিষ্ণু), রামিরেজ, লুকাস(লোবা)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
