Cart Total Items (0)

Cart

All Sports India
জ্যোতি চৌহান

অলস্পোর্ট ডেস্ক: জ্যোতি চৌহান, ভারতীয় ফুটবলে এই নাম তারকা হয়ে ওঠার অপেক্ষায়। কারণ এই মুহূর্তে সুদূর ইউরোপে এই মেয়েই উজ্জ্বল করছে ভারতীয় ফুটবলের মুখ। জ্যোতি এখন খেলছেন ভারতের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের দেশের ক্লাব জেডএনকে দিনামো জাগ্রেভে। ক্রোয়েশিয়ার প্রথম সারির এই ক্লাবের সেন্টার ফরোয়ার্ড জ্যোতি। শুধু খেলা নয়, এই মরসুমে জাগ্রেভের হয়ে লিগের ম্যাচে হ্যাটট্রিকও করে ফেলেছেন জ্যোতি। জেডএনকে আগ্রামের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দেশের প্রথম ফুটবলার হিসাবে ইউরোপের কোনও লিগে হ্যাটট্রিকের এক নতুন নজির গড়েছেন জ্যোতি চৌহান।

দেশের মহিলা লিগে এক সময় গোকুলাম কেরালার হয়ে খেলা ২৩ বছরের জ্যোতি আদতে মধ্যপ্রদেশের মেয়ে। জ্যোতির ক্রোয়েশিয়ার ক্লাবে সুযোগ পাওয়া অবশ্য এই কলকাতা থেকেই। গত বছর ওমেন ইন স্পোর্টস আয়োজিত এলিট ট্রায়াল থেকেই ক্রোয়েশিয়ার জেডএনকে দিনামো জাগ্রেভে সুযোগ পান জ্যোতি ও সৌম্যা। তাদের ইউরোপ যাওয়ার খরচ জোগাড় হয় অলস্পোট ফাউন্ডেশনের মাধ্যমে। আর তার পরই ইউরোপে খেলার স্বপ্নও সত্যি হয় তাদের।

আপাতত ক্রোয়েশিয়ার এই ক্লাবের সঙ্গে আর এক বছরের চুক্তি রয়েছে জ্যোতির। এই বছরও কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল ওমেন ইন স্পোর্টসের এলিট ট্রায়াল। এই বছরও সেই ট্রায়াল দেখতে এসেছিলেন জাগ্রেভের প্রতিনিধিরা। স্বভাবতই জ্যোতি, সৌম্যাদের পর আরও অনেকেই হয় খেলতে যাবে ক্রোয়েশিয়া বা ইউরোপের অন্য ক্লাবেও। তবে জ্যোতি যে তাদের সবার পথ প্রদর্শক হয়ে রইলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *