ম্যাচে চার উইকেট চাহালের। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থান রয়্যালসের বোলাদের সামনে কাল টিকতেই পারেনি সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদ। আর এই ম্যাচেই ভারতের অভিজ্ঞ তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল নতুন রেকর্ড তৈরি করেছেন। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের নাম নথিবদ্ধ করেছেন তিনি।
ম্যাচে যুজবেন্দ্র চাহাল নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। সানরাইজার্সের বিরুদ্ধে নতুন রেকর্ড তৈরি করেন তিনি। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে উঠে আসেন ভারতের এই স্পিনার। এই সঙ্গেই প্রথম ভারতীয় স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন।
হায়দরাবাদের হ্যারি ব্রুককে আউট করে এই রেকর্ড স্পর্শ করেন চাহাল। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুটা যেভাবে শুরু হল তা সত্যি দুর্দান্ত। এই ম্যাচের শুরুতে যেভাবে জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল ব্যাট করছিল, তখনই আমরা বুঝতে পারি ২০০ রান উঠতে চলেছে এই পিচে। তখনই আমি স্টাম্প টু স্টাম্প বল করার লক্ষ্য ঠিক করে ফেলি। এটা আমার শক্তি। আমি নতুন কিছু করিনি আমার যা শক্তি সেটাই প্রয়োগ করেছি। ভালো বল করে উইকেট নিতে হলে, আগে থেকে সঠিক পরিকল্পনা করাটা জরুরি। আমি ঠিক সেটাই করেছি। শুরুটা যখন এতো ভালো হয়েছে। আশা করছি সামনে আরও ভালো কিছু অপেক্ষা করে আছে।’
