Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইপিএলে ১ মে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। ম্যাচের পর মাঠের মধ্যেই লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলির মধ্যে তুমুল তর্কাতর্কি দেখা যায়। ঝামেলার শুরু হয়েছিল ম্যাচ চলাকালীন। মাঠে ম্যাচের সময়ে লড়াই শুরু হয় বিরাট কোহলি এবং লখনউ-এর তরুণ ক্রিকেটার নবীন উল হকের মধ্যে।

ম্যাচ শেষ হওয়ার পর বিরাট ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই ঘটনা দেখে ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটারের ইঙ্গিত দিয়ে বলেছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত ছিল তাদের দুজনকেই আরও কঠোর শাস্তি দেওয়া। তিনি বলতে চেয়েছেন যে যদি বিসিসিআই তাদেরকে সাসপেন্ড করত তাহলে সবথেকে ভালো হত।

এই ঘটনার পরে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির সম্পর্কে বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। যার ফলে দুই তারকাকেই শাস্তি দেয় বোর্ড। দুজনকে শাস্তি হিসাবে তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও নবীন-এর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। অর্থাৎ এই ম্যাচ খেলে জেতার পরে বিরাট কোহলি এই ম্যাচের কোনও অর্থই তিনি পাবেন না। মনে করা হচ্ছে এই অর্থটা হল প্রায় ১ কোটি টাকা। আর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে দেওয়া বোর্ডের এই শাস্তিতেই খুশি নন সুনীল গাভাসকর। তিনি মনে করেন এই দুই তারকার আরও কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল। তাঁর মতে এদের দুজনকে বোর্ডের এমন শাস্তি দেওয়া উচিত ছিল, যার প্রভাব তাদের দল এবং তারা ভালো ভাবে টের পেত।

এই ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনীল গাভাসকর বলেন, ‘আমি এই লড়াইয়ের ভিডিয়ো দেখেছি। আমি এই ম্যাচটি লাইভ দেখিনি। এই ধরনের জিনিস ভালো নয়। একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা কি? একশো শতাংশ ম্যাচ ফি মানে কত টাকা? বিরাট যদি ১৭ কোটি টাকা পায় এবং সে সেমিফাইনাল এবং ফাইনাল সহ ১৬টি ম্যাচ খেলে, এর অর্থ প্রায় ১ কোটি টাকা। এটা খুবই কম। আমি জানি না গম্ভীরের অবস্থান কী, তাদের দুজনেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। দুজনকেই খুব কম জরিমানা করা হয়েছে। আমার মতে, শাস্তি এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন কিছু না ঘটে। দুজনকেই দু-একটা ম্যাচ বাইরে বসতে বলা উচিত ছিল। এমন ঘটনা হওয়া উচিত ছিল, যে কারণে খেলোয়াড় এবং দল উভয়ের উপর প্রভাব পড়ত এবং তারা আঘাত পেয়ে এই অন্যায়ের ভুলটা বুঝতে পারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *