অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই সভাপতি জয় শাহ ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটার সচিন তেন্ডুলকর-কে উপহার দিলেন পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ‘গোল্ডেন টিকিট’। যেটি ভারতে ৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চলেছে। ১০টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এই ক্রিকেট বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। ১০টি ভেন্যু জুড়ে খেলা হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল হবে। ৪৬ দিন ব্যাপী এই ইভেন্টটিতে ৪৮টি ম্যাচ খেলবে ১০ দল।
বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে জয় শাহের একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা ছিল ‘গোল্ডেন টিকিট’ ভারতীয় আইকনের জন্য।
“ক্রিকেট বিশ্ব এবং দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের “ভারতীয় আইকনের জন্য গোল্ডেন টিকিট”। বিসিসিআই সভাপতি জয় শাহ ভারতরত্ন সচিনতে বিশেষ টিকিট উপহার দিয়েছেন। ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠ এবং জাতীয় গর্বের প্রতীক সচিন তেন্ডুলকর তাঁর জীবন দিয়ে অনুপ্রাণিত করে চলেছেন সব প্রজন্মকে। এখন, তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের-এর অংশ হতে চলেছেন, তিনি এই টুর্নামেন্টের আসরে থাকবেন,” বিসিসিআই তাদের টুইটারে লিখেছে।
২০১১-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম খেলোয়াড় তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিক ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। তিনি ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও রয়েছে তাঁর। ছ’টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচে তিনি ২,২৭৮ রান করেছেন। সচিন এই রান করেছেন ৫৬.৯৫ গড়ে। তার মধ্য রয়েছে ছ’টি শতরান এবং ১৫টি অর্ধশতরান। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ রান ১৫২।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দু’টি সোনার ব্যাট পুরস্কার জিতেছিলেন সচিন। ১৯৯৬ বিশ্বকাপে তিনি ৫২৩ রান করেছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে সোনার ব্যাট পেয়েছিলেন। টুর্নামেন্টে সর্বাধিক রান করার জন্য ২০০৩ -এ তিনি গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছিলেন। ভারতের হয়ে ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছেন তিনি।
এর আগে, জয় শাহ মঙ্গলবার বলিউড তারকা অমিতাভ বচ্চনকে এই বিশেষ ‘গোল্ডেন টিকিট’ উপহার দিয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
