অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এশিয়া কাপ জিতলেও বিশ্ব ক্রিকেটের সঙ্গে লড়াইটা এখনও অনেকটাই বাকি। তাই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় দলকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে। তাও আবার দলের বড় রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাদ দিয়ে। প্রথম দুই ম্যাচে রাখা হয়নি দলের সব থেকে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। শেষ ম্যাচে তাঁরা ফিরবেন দলে। তার আগে শুক্রবার লোকেশ রাহুলের নেতৃত্বে মোহালির মাঠে দাপুটে জয় তুলে নিল ভারত। আট বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। এই জয়ের সঙ্গেই পাকিস্তানকে পিছনে ফেলে আইসিসি পুরুষদের ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারত। ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট- এই তিনটি ফর্ম্যাটেই ভারত এখন এক নম্বর দল।
এদিন টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৭৬ রান তোলে। ওপেনার মিচেল মার্শ ৪ রান করে আউট হয়ে গেলেও আর এক ওপেনার ডেভিড ওয়ার্নার ৫২ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ৪১ রান করে যোগ্য সঙ্গত স্টিভ স্মিথের। মার্নাস লাবুশাগনে ৩৯, ক্যামেরন গ্রিন ৩১, যোশ ইঙ্গলিস ৪৫, মার্কাস স্তইনিস ২৯, ম্যাথু শর্ট ২, সিন অ্যাবট ২ ও অ্যাডাম জাম্পা ২ রান করে আউট হয়ে যান। ২১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতের হয়ে এদিন বল হাতে দারুণ সফল মহম্মদ শৈআমি। একাই তুলে নেন পাঁচ উইকেট। বাকি তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ভারতের ব্যাটাররা। এদিন ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড় ও শুবমান গিল। রুতুরাজ ৭১ ও শুবমান ৭৪ রান করে দলের ইনিংসের ভিত শুরুতেই শক্ত করে দিয়েছিল। সেই ভিতের উপর বাকিরা জয়ের রান তুলে নেন। তিন নম্বরে নেমে যদিও শ্রেয়াস আইয়ার এদিন ব্যর্থ। মাত্র ৩ রানই করতে পারেন তিনি। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক কেএল রাহুল। ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ঈশান কিষান ১৮ রান করে আউট হলে অধিনায়কের সঙ্গে সমানে সমানে লড়াই দেন সূর্যকুমার যাদব। ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৩ রানের অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৭৭ রানের লক্ষ্যে ২৮১ রান তুলে নেয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট নেন অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও সিন অ্যাবট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
