ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান দল। চতুর্থ ওয়ানডে-তে নিউজিল্যান্ডকে ১০২ রানে কার্যত কচুকাটা করেছে টিম বাবর আজম। এই ম্যাচে পাকিস্তানের বোলার ও ব্যাটসম্যানরা দুরন্ত পারফর্ম করেছেন। তারা পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে গিয়েছে। এখনও একটি খেলা বাকি। আর এই সাফল্যের হাত ধরেই ইতিহাস লিখে ফেলেছে পাকিস্তান টিম।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এখন ওডিআই র্যাঙ্কিংয়ের মগডালে বাবররা। এই মুহূর্তে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৩। ভারত ও অস্ট্রেলিয়ারও সমান রেটিং পয়েন্ট। তবে ভগ্নাংশের বিচারে এগিয়ে রয়েছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে পাকিস্তান। সেই সঙ্গে ইতিহাস লিখে ফেলেছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। সিরিজ শুরুর আগে পাকিস্তান ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল। তারা করাচিতে তৃতীয় ওডিআই-এ ২৬ রানে জয় লাভ করে পয়েন্ট টেবলে অস্ট্রেলিয়া ও ভারতের পিছনে তৃতীয় স্থানে চলে আসে। আর শুক্রবার চতুর্থ ওয়ানডে জয়ের পর ইতিহাস লেখে পাক ব্রিগেড।
পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলা দেখিয়েছেন অধিনায়ক বাবর আজম। চতুর্থ ওয়ানডেতে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের হাত ধরেই ৩৩৪ রানে পৌঁছয় পাকিস্তান। এটি ওডিআই ফরম্যাটে বাবরের ১৮তম শতরান। সেরা ইনিংস খেলার পাশাপাশি, তিনি একদিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রান করা ব্যাটসম্যানও হয়েছেন। ৯৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি।
