বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ এশিয়া কাপ আয়োজন নিয়ে জল্পনার মধ্যেই বিতর্ক উস্কে উঠল। পাকিস্তান আগেই জানিয়েছিল, ভারতীয় দল তাদের দেশে এশিয়া কাপ খেলতে না এলে তারাও ওডিআই বিশ্বকাপ বয়কট করবে। নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজন নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে ওডিআই বিশ্বকাপ নিয়ে পাকিস্তানও ভারতের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে। প্রথমে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলেও পাকিস্তান এখন ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে খেলতে চায়। পছন্দের জায়গা হিসেবে উঠে আসছে বাংলাদেশের নাম।
চলতি বছরে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে। ভারত আগেই জানিয়ে দিয়েছে, ওয়াঘার ওপারে টুর্নামেন্ট খেলতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। সমস্যা সমাধানে এশিয়া কাপের জন্য পাকিস্তানের কাছে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব রেখেছে বিসিসিআই। কী এই হাইব্রিড মডেল? এর অর্থ হল, এশিয়া কাপ আয়োজনের স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। শুধু ভারতের ম্যাচগুলি খেলা হবে নিরপেক্ষ ভেনুতে। পাকিস্তান ইচ্ছুক না হলেও এই বিষয়ে আলোচনা চলছে। এদিকে ভারতের দেখাদেখি পাকিস্তানও পাল্টা ওডিআই বিশ্বকাপের জন্য ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব রেখেছে। অর্থাৎ, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় পাক দল। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ বাংলাদেশ। চলতি মাসে আইসিসির সভায় দুটি দেশের বোর্ডের মধ্যে নাকি এই বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ কেন? পাকিস্তানের প্রস্তাবে বিসিসিআই কী ভাবছে? শোনা যাচ্ছে, যাতায়াত ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য বাংলাদেশের প্রস্তাব রেখেছে পিসিবি। যদিও পাক ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবে বিসিসিআই কতটা রাজি হবে তাতে সন্দেহ রয়েছে।
