Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের পর ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব-ও মুখ খুলেছেন এই হারের পর। শুধু তাঁদের খারাপ পারফর্ম্যান্সকে নিয়েই তিনি সমালোচনা করেছেন তা নয়। ক্রিকেটারদের ঔদ্ধত্য নিয়েও তিনি মুখ খুলেছেন।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের মতে ভারতীয় প্রিমিয়ার লিগে টাকার অঙ্কের পরিমাণ অত্যাধিক হওয়ার কারণেই ক্রিকেটারদের অহঙ্কার বেড়ে গিয়েছে। যদিও কপিল দেবের এই মন্তব্যকে মানতে নারাজ ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর মতে দলের কোনও ক্রিকেটারই এ রকম নয়।

তৃতীয় ওডিআইয়ের প্রস্তুতির সময় সাংবাদিকদের জাদেজা বলেছেন, ‘‘আমি জানি না উনি কখন এই কথা বলেছেন। সোশ্যাল মিডিয়াতেও আমি খুঁজিনি। সবারই আলাদা আলাদা মত আছে। প্রাক্তন ক্রিকেটাররা অবশ্যই তাঁদের মতামত জানাতে পারেন। কিন্তু আমার মনে হয় না দলের কারও মধ্যে কোনও ঔদ্ধত্য আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে আমাদের সেরাটা দিয়ে খেলব।’’

একটি সংবাদ মাধ্যমে কপিল দেব বলেছেন, ‘‘যখনই অনেক বেশি পরিমাণের টাকা আসে তখনই মানুষের মধ্যে অহঙ্কার আসে। এখনকার ক্রিকেটারদের মধ্যেও তা লক্ষ্য করা যায়। তাঁদের মধ্যে এখন একটা সবজান্তা ব্যাপার দেখা যায়।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ইনিংসের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বিশ্বকাপের মহড়া হিসাবেই খেলতে চেয়েছিল। কিন্তু তাতে হারের পর ভারতীয় ক্রিকেটারদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট এবং রোহিতের অনুপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপ আর দু’মাস বাকি। অনেকেই মনে করছেন এখন আর নতুন করে পরীক্ষা-নিরিক্ষার সময় নেই।

কপিল দেবের এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু এরপরেও জাদেজা জানিয়েছেন দলের জন্য ক্রিকেটাররা সবরকমের চেষ্টা করবে। তিনি বলেছেন, ‘‘সবাই আনন্দের সঙ্গেই ক্রিকেট খেলছে এবং সবাই তার জন্য কঠোর পরিশ্রমও করছে। দলের প্রত্যেকটা ক্রিকেটারই তাঁদের একশো শতাংশই দিচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘দলের পারফর্ম্যান্স খারাপ হলে এরকম মন্তব্য উঠে আসবেই। কিন্তু আমাদের দল যথেষ্ট ভাল। আমরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি আর এটাই আমাদের লক্ষ্য।’’

মঙ্গ‌লবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হতে চলেছে ভারত। আশা করা যায় ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ভুল সংশোধন করে ম্যাচটি জিততে চাইবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *