নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল কেকেআর। চোটের জন্য দলের বাইরে স্বয়ং অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতীয় সিনিয়র দলের এই ব্যাটার ছিটকে যান পিঠে ব্যথার কারণে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ঘটে এই ঘটনা। ফলে আসন্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় তাদের বাঁহাতি ব্যাটার নীতিশ রানাকে। তবে শ্রেয়স একেবারে হাল ছেড়ে দেওয়ার বান্দা নন। পিঠের চোট সারাতে তাঁকে করাতে হবে অপারেশন। আর তা করালে সেরে উঠতে সময় লাগবে। ফলে মিস হয়ে যেতে পারে ওয়ানডে বিশ্বকাপ খেলাও। ফলে অপারেশন না করিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ফিরেছেন তিনি। ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। ফলে অনেকেই জল্পনা করতে শুরু করেছেন চলতি মরশুমে পরবর্তীতে কি কেকেআরের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।
এই বছরই দেশের মাটিতে আয়োজিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগেই শ্রেয়সকে সুস্থ করতে মরিয়া বোর্ড। ইতিমধ্যেই সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোকে বোর্ডের তরফে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কোনও ক্রিকেটারের চোট থাকলেই তাঁদের ২২ গজে ফিরতে ফিট সার্টিফিকেট প্রয়োজন। অনেক বিশেষজ্ঞ আশা করছেন ১৬তম আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে হয়তো দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। আর সেই কারণে কিছুটা মরিয়া হয়েই ফিট হয়ে উঠতে লড়াই চালাচ্ছেন তিনি।
চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও এখনই অপারেশন করাতে রাজি নন তিনি। চোট সারাতে তাই রিহ্যাবকে বেছে নিয়েছেন শ্রেয়স। ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।আর সেই লক্ষ্যে রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার। তাই এখনই অস্ত্রোপচার করাতে নারাজ তিনি। কারণ তিনি বিলক্ষণ জানেন অস্ত্রোপচার করলেও ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।ফলে ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নাও হতে পারে। সেই ঝুঁকিটা শ্রেয়স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
