নিজস্ব সংবাদদাতাঃ জশপ্রীত বুমরাহর বিকল্প কে? মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। আইপিএলে বুমরাহ না থাকায় এখন পেস বোলিং নিয়ে চিন্তায় রয়েছে রোহিত শর্মার শিবির।
নতুন মরশুমের আগে বুমরাহর না থাকাকে বড় ক্ষতি হিসেবে মেনে নিতে বাধ্য হলেন রোহিত শর্মা। অন্যদিকে হেড কোচ মার্ক বাউচারকে আশাবাদী শোনায় আর্চারকে নিয়ে। প্রসঙ্গটা যদি কোনও এক বিশ্বমানের বোলারের হয়, তবে বুমরাহর অভাব পূরণ করার ক্ষমতা রয়েছে জোফ্রার। মুম্বই যেহেতু দুই পেসারকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছিল, তাই এক্ষেত্রে জশপ্রীতের খামতি ঢাকার মতো লোক খুঁজতে হবে রোহিতদের।
সাংবাদিক সম্মেলনে বুমরাহকে নিয়ে রোহিত বলেন, ‘ওর না থাকা নিশ্চিতভাবেই বড় ক্ষতি। তবে দলের তরুণ ক্রিকেটারদের কাছে ওর অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার এটা একটা দারুণ সুযোগও বটে।’ দলে পাওয়া যাবে না জেনেও মুম্বই ইন্ডিয়ান্স এক বছর আগে থেকে জোফ্রা আর্চারকে স্কোয়াডে নেয় বুমরাহর সঙ্গে তাঁর পেস জুটির কথা ভেবেই। গতবছর বুমরাহ ছিলেন, জোফ্রা ছিলেন না। এবছর আর্চার রয়েছেন অথচ বুমরাহ নেই। সুতরাং, ফ্র্যাঞ্চাইজির আশা পূরণ হল না এবারও।
