অলস্পোর্ট ডেস্ক: ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি। ৬ ম্যাচে ৩টি জয়, ২টি ড্র ও ১ টি হারের সুবাদে ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের টেবিলে ৭ নম্বরে রয়েছে কোচ পানাগয়টিস ডিমপেরিসের দল। কেরালা ব্লাস্টার্স ও মহমেডানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে পাঞ্জাবের। তাই মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ আরও ৩ পয়েন্ট নিয়ে জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও ভাল করতে চান ডিমপেরিস।
গত মরশুম থেকে পাঞ্জাবের দায়িত্বে রয়েছেন ডিমপেরিস। তাই দলটাকে হাতের তালুর মতো চেনেন। গতবারের তুলনায় দলে বেশ কিছু বদল হলেও ডিমপেরিসের মতে,‘ মোহনবাগান নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। সব বিভাগে দক্ষ ফুটবলার আছে। দলে মনবীর, লিস্টনের মতো অ্যাটাকার আছে উইংয়ে। সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার মতো বিদেশি। ওরা এই মুহূর্তে জয়ের মাঝে নেই বলে ওদের হাল্কাভাবে নিলে ভুল হবে। সেসুযোগ আমাদের আঘাত হানতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।’
তবে ডিমপেরিস জানিয়েই দিলেন, মোহনবাগানের শক্তিকে গুরুত্ব দিলেও নিজেদের আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসবেন না। একইসঙ্গে অকপটে বলে দিলেন, এবার তাঁর দলের অন্যতম শক্তি হল জমাট রক্ষণ। গত মরশুমে পাঞ্জাব ৩৪ গোল করলেও হজম করেছিল ৩৮ গোল। এবার শুরু থেকে এই খামতি মেটানোয় নজর দিয়েছিলেন। তাতেই অনেকটা কাজ হয়েছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৯ গোল করেছে দল, হজম করেছে ৫ গোল। রক্ষণের সংগঠন ও শৃঙ্খলা বজায় রেখেই মোহনবাগানের বিরুদ্ধে জয়ের গোল তুলে নিতে চান ডিমপেরিস ও তাঁর ফুটবলাররা।
যুবভারতীতে বিপক্ষ সমর্থকদের সামনে খেলা হলেও স্নায়ুচাপে ভুগছেন না ডিফেন্ডার সমির জালকোভিচ। তাঁর দল বসনিয়া ও হার্জেগোভিনা এবার ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছে প্লেঅফ ফাইনালে ইতালিকে হারিয়ে। নিজের দেশ বিশ্বকাপে খেলবে বলে বেশ উজ্জীবিত। সেরা দিতে তৈরি মোহনবাগান ম্যাচে। বলেই দিলেন, মাঠ ভরতি সমর্থকের সামনে খেলার মজাই আলাদা। হোক না অ্যাওয়ে ম্যাচ, ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
