ছবি ইন্ডিয়ান ফুটবল
অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব ১৭ মহিলা এএফসি এশিয়ান কাপে লেবাননকে গ্রুপ লিগের শেষ ম্যাচে লেবাননকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টারফাইনালে উঠে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। শুধু তাই নয়, কোয়ার্টারফাইনাল ম্যাচ জিতে ফিফা ২০২৬ অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে তাদের সামনে। অর্থাৎ বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জনের মাঝে বাধা একমাত্র চীন।
সুঝাও তাইহু ফুটবল স্পোর্টস সেন্টারের মাঠে লেবাননের বিরুদ্ধে ৪-০ জয়ে গোল এসেছে প্রীতিকা বর্মন(৭ ও ৮৫ মিনিট), আলভা সেনজাম(৩৬ মিনিট) ও জোয়ার(৭২ মিনিট) পা থেকে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২ ও জাপানের বিরুদ্ধে লড়ে ০-৩ গোলে হেরেছিল অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা দল। কোয়ার্টারফাইনালে জায়গা পেতে সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে লেবাননের বিরুদ্ধে জয় যেমন দরকার ছিল ভারতের মেয়েদের, তেমন তাদের তাকিয়ে থাকতে হয়েছিল ফিলিপিন্স ও চাইনিজ তাইপের ম্যাচের ফলের দিকে। ভারতকে টপকে ওই দু’দলের এক দলকে কোয়ার্টারফাইনালে যেতে হলে, কমপক্ষে ১২ গোলের ব্যবধানে জিততে হত। সেটা সম্ভব হয়নি ওই দু’দলের পক্ষে। ভারত ছাড়া সেরা তৃতীয় স্থানে থাকা দল হিসেবে কোয়ার্টারফাইনালে গেছে থাইল্যান্ড।
সুঝাও স্পোর্টস সেন্টার স্টেডিয়ামের মাঠে ১১ মে চীনের মুখোমুখি হবে অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দল। সেমিফাইনালিস্ট ৪ দল মরক্কোয় ১৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর অনুষ্ঠেয় ২০২৬ ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। এমন সুযোগ বারবার আসবে না। এর আগে ভারতীয় সিনিয়র মহিলা দলের ফুটবলার সঙ্গীতা বাসফোরদের সামনে বিশ্বকাপে যোগ্যতার্জনের সুযোগ ছিল। কিন্তু এএফসি মহিলা এশিয়ান কাপের ঠিক একমাস আগে ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রীকে সরিয়ে বিদেশি কোচ আমেলিয়া ভালভার্দেকে দায়িত্ব দিয়ে সেই সুযোগ অপমৃত্যু ঘটান ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা। এখন দেখার ইতালির প্রাক্তন ফুটবলার পামেলা কন্তির হাত ধরে অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দল বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ করতে পারেন কিনা? ২০১৭ ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতের বালক ফুটবলাররা খেলার সুযোগ পেয়েছিল আয়োজক দেশ হিসেবে। সেখানে অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দল বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জন করলে, সেটা হবে অনেক বেশি কৃতিত্বের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
