অলস্পোর্ট ডেস্ক: ১০০ বছর ধরে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। এই ক্লাব তার পথ চলা শুরু করছিল সেই ১৯২৫ সালে। তার পর থেকে কলকাতার খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এই নাম। তারই ১০০ বছর উদযাপন হয়ে গেল শনিবার শহরের লেক ক্লাবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল তারকার হাঁট। বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদ থেকে প্রাক্তন তারকা, খেলার দুনিয়ার সব ধরনের মানুষরাই এদিন হাজির হয়েছিলেন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সেন্টিনারি সেলিব্রেশনে। যে মঞ্চ থেকে পুরস্কৃত করা হল সেরাদেরও। সেই তালিকায় যেমন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনই ছিলেন ঝুলন গোস্বামী। সেখানে যেমন ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, তেমনই ছিলেন চাকু মান্ডির মতো এই প্রজন্মের খেলোয়াড়রা।
এদিন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিশেষ সম্মানে ভূষিত করা হল প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। এছাড়া ব্যাডমিন্টনে পুরস্কৃত হলেন বিতমা পল, শুটিংয়ে অভিনভ শ, টেনিসে এলিনা ফরিদ, সাঁতারে সৌবৃতি মণ্ডল, হকিতে করণ শ, অ্যাথলেটিক্সে মিষ্টি কর্মকার, ক্রিকেটে সুদীপ ঘরামি, তিরন্দাজিতে প্রাপ্তি বটব্যাল, দাবায় দীপ সেনগুপ্র ও ফুটবলে চাকু মান্ডি।
এদিন এই মঞ্চ থেকে জর্জ টেলিগ্রাফ পরিবারকে প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে তাদের খেলার প্রতি যে অবদান তা অনস্বীকার্য। গত কয়েক প্রজন্ম ধরে একইভাবে কাজ করে চলেছে জর্জ টেলিগ্রাফ। যার প্রেক্ষিতে আরও একবার আলোচনায় উঠে এল বাংলা তথা ভারতীয় ক্রীড়া প্রশাসনের দুই বিখ্যাত নাম বিশ্বনাথ দত্ত ও প্রদ্যুৎ দত্ত-র। যাঁদের দেখানো পথেই এখনও বাংলার ক্রীড়া প্রশাসনে ভূমিকা রেখে চলেছে জর্জ পরিবার। সৌরভ শোনালেন, কীভাবে বাবার হাত ধরে সিএবি-তে ১৪ বছরের সৌরভের সঙ্গে আলাপ হয়েছিল বিশ্বনাথ দত্তের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ফুটবলাররা। অলোক মুখার্জী, বিশ্বজিৎ ভট্টাচার্য, সঞ্জয় সেনেরা এদিন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মঞ্চকে আলোকিত করলেন। পুরস্কার অনুষ্ঠান শেষে সুরের আবহ ছড়িয়ে পড়েছিল অনুষ্ঠান হলে। যেখানে ভায়োলেনের সুরে মঞ্চ মাতালেন ভায়োলেন ব্রাদার্স। যার সঙ্গেই ১০০ বছর উদযাপনের মঞ্চ থেকেই আরও ১০০ বছরের প্রতিশ্রুতি দিয়ে গেল জর্জ টেলিগ্রাফ পরিবার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
