Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: কে বলেছে শুধুই ফুটবলে মেতে থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা? শনিবারের দুপুর কিন্তু অন্য ছবি তুলে ধরল। সেই যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই কলকাতা ডার্বি। শুধু ফুটবলের বদলে হকি। তবে আবেগটা একই। সমর্থক তো আসলে ক্লাবের সে ফুটবল‌ হোক বা হকি। একই সময়ে পাশের মাঠে মোহনবাগান ফুটবল দলের অনুশীলনও চলছিল। কলকাতা ক্রীড়ার পিঠস্থান এই যুবভারতীতে এই সময়গুলোতেই মিলেমিশে একাকার হয়ে যায় ফুটবল, হকি। গ্যালারি থেকে সেই চেনা মুড। আফশোসটাও একই। দুই দলে নেই কোনও বাঙালি। তবে দুই দলেই রয়েছে একাধিক আন্তর্জাতিক প্লেয়ার। তাই লড়াইটাও হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল। কিন্তু তেমনটা হল না, প্রায় একতরফা ম্যাচ খেলেই ৩-১ গোলে জিতে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগ ২০২৬ চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে একাই লড়লেন গোলকিপার। না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

লিগ পর্বের ডার্বি ৩-১ গোলে জিতে ফাইনালে খেলতে নেমেছিল মোহনবাগান। লক্ষ্য অবশ্যই ছিল দ্বিতীয় ডার্বি জিতে লিগ চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গলের সামনে লক্ষ্য ছিল প্রথম ডার্বি হারের বদলা নেওয়া। তবে এদিন প্রথম থেকেই ম্যাচের দখল নিজেদের হাতেই রেখেছিল মোহনবাগান । যার ফল প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গলকে আরও চাপে ফেলে দিল মোহনবাগান।

প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময়ে ফিল্ড গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন অভ্রন সুদেব। তার আগেই একাধিক গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান, কোনওটা আটকে গেল গোলকিপারের গায়ে, কোনওটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল পোস্ট, একটি নিশ্চিত গোলমুখি শট তো গোললাইন থেকে বাঁচার ইস্টবেঙ্গল। তার মধ্যেই দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মোহনবাগানের হয়ে ব্যাবধান বাড়ালেন রোহিত। এর মধ্যেই গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গলের জামির। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেন মোহনবাগানের ফিজিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও ঝাঁঝ বাড়াল মোহনবাগান। ভাগ্যিস ইস্টবেঙ্গল গোলের নিচে ছিলেন অমৃত পাল সিং। পর পর নিশ্চিত গোল বাঁচালেন দ্বিতীয়ার্ধে। এর মধ্যেই পর পর পাঁচটি পেনাল্টি কর্নার পেল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পঞ্চম পেনাল্টি কর্নার থেকে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমালেন প্রতাপ লাকরা। তবে তা যথেষ্ট ছিল না মোহনবাগানকে বিপদে ফেলার জন্য। কারণ শেষ কোয়ার্টারে আরও গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নিল মোহনবাগান, দলের তৃতীয় গোলের কারিগর রাহিল মৌসিন। এর পর আর কেউই গোলের ব্যবধান বাড়াতে বা কমাতে পারেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *