অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান বক্সিং ডে টেস্টে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আর সবই ঘটছে তৃতীয় দিন। এদিন যখন অস্ট্রেলিয়া ব্যাট করছে তখন পাকিস্তানের হাসান আলি ফিল্ডিং করছিলেন বাউন্ডারি লাইনে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তখন ব্যাট করছিল ৫২.৪ ওভারে। ব্যাট করছিলেন স্মিথ ও ক্যারি। পাকিস্তানের হয়ে বল করছিলেন আমের জামাল। ওভারের মাঝেই মাঠের মধ্যে একটি অভিনব দৃশ্য জন্ম নেয়। যে দৃশ্য ধরা পড়ে লাইভ ক্যামেরায়। টেলিভিশন স্ক্রিনে জুড়ে তখন খেলা নয় হাসান আলির নাচ। আর তাঁর সঙ্গে পায়ে পা মেলাল গোটা গ্যালারি, যার পুরোটাই প্রায় ছিল অস্ট্রেলিয়ান সমর্থকে ভরা।
হাসান আলি নাচ শেষে দর্শকদের উদ্দেশে হাততালি দিয়ে ধন্যবাদও জানালেন। এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়লেন ধারাভাষ্যকররাও। তবে এটা বলতে দ্বিধা নেই, টান টান উত্তেজনার ক্রিকেট ম্যাচের মধ্যেই তৈরি হল সৌভ্রাতৃত্বের নজির, যেভাবে পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে নাচলেন অস্ট্রেলিয়ার সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে ঘটে আরও একটি ঘটনা। ম্যাচ শুরু হতে কিছুটা দেড়ি হয়। ততক্ষণে মাঠে নেমে পড়েছিলেন ফিল্ড আম্পায়ার-সহ দুই দলের ক্রিকেটাররা। কিন্তু দেখা যায় ম্যাচ শুরু হচ্ছে না। কেন ম্যাচ শুরু হচ্ছে না সেটা তখনও জানতেন না ক্রিকেটাররা। পরে আম্পায়াররা তাঁদের জানান। জানা যায়, ম্যাচের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আটকে পড়েছে লিফটে। তিনি সময় মতো নিজের জায়গায় পৌঁছতে পারেননি যে কারণে ম্যাচ শুরু হতে দেড়ি হয়।
টেস্টের তৃতীয় দিন ইতিমধ্যেই ২৫০ রানের ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ। অন্য দিকে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন মিচেল মার্শ। ৯৬ রানে আউট হন তিনি। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা। হাতে এখনও রয়েছে দু’দিন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ছিল ৩১৮। পাকিস্তানের রান ছিল ২৬৪।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
