জাতীয় দলের সঙ্গে লিও মেসি ছবি সৌজন্যে: টুইটার
অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হোসে মোলিনার সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ। ফুটবলের রাজপুত্র ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিকে রোখার। কথাটা শুনলে অবাক লাগলেও, এটা বাস্তব। আসলে মোলিনার সামনে মেসিকে আটকানোর এই চ্যালেঞ্জটা রয়েছে, ৬ জুন বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার টেক্সাসে আর্জেন্টিনার সঙ্গে হন্ডুরাসের প্রস্তুতি ম্যাচ থাকায়। মোহনবাগান ছাড়ার পর হন্ডুরাস জাতীয় দলের চিফ কোচের ভূমিকায় এখন মোলিনা। শেষপর্যন্ত যদি না কোনও অঘটন না ঘটে, মেসি শেষবারের মতো ২০২৬ বিশ্বকাপে খেলা থেকে সরে না দাঁড়ান, তাহলে হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মেসিকে খেলতে দেখা যাবে। আর সেক্ষেত্রে মেসি-মোলিনা জমজমাট লড়াই উপভোগ করার সুযোগ পাবেন মোহনবাগান ও ভারতের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে ৬ জুন হন্ডরাসের মুখোমুখি হওয়া ছাড়াও অবার্নে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন হন্ডুরাস ম্যাচ হবে টেক্সাসের কাইল ফিল্ডে। এটা ওই মাঠে দ্বিতীয় কোনও আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ। এর আগে ২০২৪য়ের জুনে ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেকথা স্মরণ করে কলেজ স্টেশন সিটির মেয়র জন নিকোলাস বলেছেন, ‘ কলেজ স্টেশনে দ্বিতীয়বার কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে আমরা গর্বিত। বিশেষ করে যেখানে আর্জেন্টিনার মতো বিশ্বকাপজয়ী দল খেলবে। এই ধরনের ইভেন্ট আয়োজনের মাধ্যমে এখানকার মানুষ, বাইরে থেকে আসা ফুটবলপ্রেমী ও পর্যটকদের কাছে আমাদের সাংগঠনিক দক্ষতা তুলে ধরার মস্ত সুযোগ।’
আর্জেন্টিনা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৯ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে অবার্নের জর্ডন হেয়ার স্টেডিয়ামে। এটা ওই মাঠের ৮৭ বছরের ইতিহাসে প্রথম কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। অবার্ন অ্যাথলেটিক্স অধিকর্তা প্রচারমাধ্যমকে জানিয়েছেন, ‘ বিশ্বকাপে খেতাব রক্ষার লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা অবার্নের মাঠকে বেছেছে। এটা একটা দুর্লভ সুযোগ অবার্ন অ্যাথলেটিক্স ও বিশ্ববিদ্যালয়ের জন্য। আইসল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার এই প্রদর্শনী ম্যাচের মাধ্যমে অবার্ন তার পরিচিতি সারা বিশ্বের মানুষের কাছে যেমন তুলে ধরতে পারবে, তেমন উৎসাহিত হবে এখানকার খেলাধুলোর সঙ্গে জড়িত সকলে।
এর আগে একবারই আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে অপ্রত্যাশিত ১-১ ড্র করেছিল মেসির দল। জর্জ সাম্পাওলির কোচিংয়ে থাকা আর্জেন্টিনা শুরু থেকেই সেবার ছন্নছাড়া ছিল। মেসিও নিজেকে সেভাবে মেলি ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই নকআউটের প্রথম পর্বের বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে।
আইসল্যান্ড ম্যাচ খেলে আর্জেন্টিনা চলে যাবে সরাসরি তাদের বিশ্বকাপের বেস ক্যাম্প এমএলএস ক্লাব স্পোর্টিং কেসি ট্রেণিং সেন্টারে। জে গ্রুপে বিশ্বকাপে ১৬ জুন আলজিরিয়ার বিরুদ্ধে কানসাস সিটির মিসোইরিতে আর্জেন্টিনা তাদের মুকুট অক্ষুন্ন রাখার লড়াই শুরু করবে। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২৭ জুন টেক্সাসের মাঠে মুখোমুখি হবে জর্ডনের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
