Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ যেন ফিফা ২০২৬ বিশ্বকাপটা শেষ হওয়ার অপেক্ষাতেই ছিলেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির বাবা জর্জ। শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিওতে জীবনাবসান ঘটেছে তাঁর। মৃত্যুকালে জর্জের বয়স হয়েছিল ৬৮। এর আগে বিশ্বকাপের মাঝে একবার তাঁর মৃত্যুর ভুল খবর ছড়িয়ে পড়েছিল বিশ্বে। তা নিয়ে মেসি ও তাঁর পরিবারের লোকেরা প্রচন্ড অখুশি ও ক্ষুব্ধ হয়েছিলেন। পরিবারের তরফে বলাও হয়, মেসির বাবা চিকিৎসাধীন আছেন। তাঁকে শারীরিক ভাবে সুস্থ রাখার সবরকম চেষ্টা চলছে। তাই পরিবারের তরফে কোনও কিছু না জানানো পর্যন্ত কোনও বিভ্রান্তিকর ও ভুল খবর যেন ছড়ানো না হয়।

তবে এটা ঠিক নানা অসুখের সমস্যায় ভুগছিলেন মেসির বাবা। বারবার তাঁকে বাড়ি ও হাসপাতাল করতে হচ্ছিল বিশ্বকাপ চলাকালীন। তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেসি নিজেও। প্রথম ম্যাচ জয়ের পর বাবার কথা ভেবে মেসির চোখ জলে ভরেছিল। সারা বিশ্ব সে দৃশ্য দেখেছিল। শেষদিকটা অসুস্থতার কারণে মেসির বাবা জর্জ রোজারিওর সময় কেটেছে মেডিকেল সেন্টার ও বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে। তাঁর পাশে সবসময় থাকতেন জর্জের স্ত্রী সেলিয়া, ও তিন সন্তান রড্রিগো, মাতিয়াস ও মারিয়া সল। মেসি ব্যস্ত ছিলেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্ব খেতাব ধরে রাখতে।

আমেরিকার নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনাল শেষে মেসি বাবার সঙ্গে বেশ কিছুটা সময় কাটান রোজারিওর বাড়িতে গিয়ে। তারপর এক সপ্তাহ আগে ইন্টার মিয়ামি ক্লাবে ফেরেন খেলায় অংশ নিতে। বাবা জর্জের সঙ্গে মেসির একটা গভীর সম্পর্ক ছিল ফুটবলজীবনের শুরু থেকে। জর্জই মেসিকে হাতে ধরে বার্সিলোনায় নিয়ে এসেছিলেন ছেলেবেলায়। সেটাই মেসির জীবনের টার্নিং পয়েন্ট। পরবর্তী জীবনে জর্জ মেসির ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসেবে সবসময় পাশে ছিলেন।

সেটা স্মরণে রেখেই মেসি বলেছিলেন, ‘‌ ছোটবেলা থেকেই আমি বাবার কথা শুনে চলতাম। বড় হয়েছি। প্রতিটি ম্যাচ শেষে বাবাকে জিজ্ঞাসা করতাম, আমার খেলা কেমন লেগেছে, কী করলে আরও ভাল হত।’‌ ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মেসি। প্রথম গোলের পরই মেসির গাল বেয়ে গড়িয়ে পড়েছিল জল। পরে সাংবাদিক সম্মেলনে এসে মেসি বাবার কথা সরাসরি না বললেও জানিয়েছিলেন, তাঁর এই চোখের জলের কারণ ফুটবলের বাইরে অন্য বিষয় নিয়ে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছেন তিনি। পরদিনই মেসির পরিবার থেকে জানানো হয়, মেসির বাবা জর্জের শারীরিক অবস্থা ভাল নয়। চিকিৎসা চলছে।

মেসির বাবা জর্জের মৃত্যুর খবর জানার পরই বিশ্বের বিভিন্ন ক্লাব ও ফুটবল সংস্থা মেসি ও তাঁর পরিবারকে শোকবার্তা পাঠিয়েছে সমবেদনা জ্ঞাপন করে। যার মধ্যে আছে রিয়েল মাদ্রিদ, বার্সিলোনা, মেসির যুব দল নিউওয়েলস ওল্ড বয়েজ। আর্জেন্টিনা এফএ তাদের শোকবার্তায় লিখেছে, ‘‌ এমন একটা কঠিন সময়ে আমরা মেসি ও তাঁর পরিবারের পাশে আছি। জর্জের প্রয়াণে আমরা শোকাহত। সমবেদনা জানাই। প্রার্থনা করি মেসি ও তাঁর পরিবারকে এই সময় ঈশ্বর শক্তি জোগান।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *