লিওনেল মেসি। ছবি—মেসির টুইটার থেকে
অলস্পোর্ট ডেস্ক: সৌদি ইস্যুতে ক্ষমা চাইলেন লিওনেল মেসি। সম্প্রতি ক্লাবের অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন সৌদি আরবে। সে দেশের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনিই। সেই কাজেই তাঁকে উড়ে যেতে হয়েছিল সেখানে। আর সে কারণেই প্যারিস সাঁ জা তাঁকে দু’সপ্তাহের জন্য নির্বাসিত করেছে ইতিমধ্যেই। শনিবার একটি ভিডিও পোস্টে এই পুরো বিষয়টির জন্য ক্ষমা চাইলেন মেসি। ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্টে তিনি বলেন, ‘‘আমি অবশ্যই আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমাপ্রার্থী।’’
ঘরের মাঠে লিগ ওয়ান এর ম্যাচে লরিয়েন্টের বিরুদ্ধে ৩-১ গোলে হারের ম্যাচের পর দিন কোনও অনুশীলন ছিল না। কিন্তু কোচ হঠাৎই অনুশীলন ডেকে বসেন। অনুশীলন নেই জেনে নিজের বিজ্ঞাপনের কাজে সৌদি চলে গিয়েছিলেন মেসি। যে কারণে হঠাৎ ডাকা অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। বিনা অনুমতিতে চলে যাওয়ার জন্য তাঁকে নির্বাসিত করেছে ক্লাব।
এদিন তিনি আরও বলেন, ‘‘আমি ভেবেছিলাম আমাদের এদিন ছুটি থাকবে ম্যাচের পর গত সপ্তাহে যেমনটা হয়েছিল। আমি সৌদি যাওয়ার পরিকল্পনা করি, যা আগে বাতিল হয়েছে। এবার আমি বাতিল করেনি। আমি দুঃখিত যেটা আমি করেছি এবং আমি অপেক্ষা করব ক্লাবের সিদ্ধান্তের জন্য।’’
এই বছরের শেষেই পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। কানাঘুঁষো শোনা যাচ্ছে তিনি আবার ফিরে যাবেন বার্সেলোনায়। তাঁর ভক্তরাও তেমনটাই চান। তার আগে অবশ্য শোনা যাচ্ছে পিএসজি মেসির বিষয়ে কোনওভাবেই নরম হতে নারাজ। তাঁকে মাঠের বাইরে বসতে হতে পারে বেশ কয়েকটি ম্যাচে। জানা গিয়েছে তাঁকে দু’সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
