অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন জাতীয় দলের তারকা খেলোয়াড় গুরজান্ত সিং। দিল্লিতে হকি ইন্ডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। ৩১ বছর বয়সী হকি খেলোয়াড় এক দশকেরও বেশি সময় ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ৩৩ গোল করেছেন। আধুনিক হকিতে ভারতীয় দলে সুনামের সঙ্গে অবদান রেখেছেন।
দেশের হয়ে ২০১৬ জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলা শুরু গুরজান্তের। লখনউয়ের ওই বিশ্বকাপের ফাইনালে গোল করে ভারতকে সোনা জিততে বড় ভূমিকা নিয়ছিলেন তিনি। সিনিয়র দলে অভিষেক ২০১৭ সালে। তখন থেকেই ভারতীয় দলের আক্রমণভাগে অন্যতম শক্তি ছিলেন গুরজান্ত। খেলোয়াড় জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে তাঁর জীবনে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে। ২০২৪ প্যারিসে অলিম্পিক্সে বোঞ্জ পদক জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
গুরজান্ত ভারতের জার্সিতে ২০২২ হ্যাংঝৌএশিয়ান গেমসে সোনা জেতেন। ২০১৭তে এশিয়া কাপ সোনা জয় ছাড়াও তাঁর ঝুলিতে একাধিক বড় সাফল্য রয়েছে। ২০২১ সালে তাঁর হকির টার্ফে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার পান। গত একবছর ধরে চোট সমস্যায় ভুগছিলেন গুরজান্ত। প্রথম দলে তাই অনিয়মিত হয়ে পড়েন। অভিষেক সিং ও সুখজিত সিংয়ের আবির্ভাবে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন।
হকি ইন্ডিয়ার পুরস্কার মঞ্চে অবসর ঘোষণার সময় গুরজান্ত বলেন, ‘ গতবছর যখন প্রোলিগে খেলছিলাম, তখনই ভেবেছিলাম সরে দাঁড়াব। পিঠের চোটটা খুব ভোগাচ্ছিল। তার আগে একবার পিঠের চোট সমস্যায় ফেলেছিল। চোট সারতে ৭ থেকে ৮ মাস লাগছিল। এতে নিজের ছন্দে ফিরতে অসুবিধা হচ্ছিল। এবার বিশ্বকাপের ম্যাচ রয়েছে। কিন্তু ভেবে দেখলাম, আমার আর খেলা ঠিক হবে না। কারণ চোটটা বেশ গুরুতর। বাড়তি ঝুঁকি হয়ে যাবে খেলা। ভারতীয় দলের খেলার সূচী ঠাসা, ট্রেণিং পদ্ধতিও খুব কঠিন। এই চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সরে দাঁড়ালাম সময় থাকতে। তবে ঘরোয়া হকিতে খেলা এখনও চালিয়ে যাব। আর ভারতীয় দলের সাফল্যের জন্য বাইরে থেকে গলা ফাটাব।’
হকি ইন্ডিয়ার পুরস্কার মঞ্চে সংস্থার সভাপতি দিলীপ টিরকে বলেন, ‘ গুরজান্ত সিং একদশক ধরে ভারতীয় হকির এক গুরুতর স্তম্ভ ছিল। ওকে ভারতীয় হকি এখন থেকে খুব মিস করবে।’
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিংয়ের প্রতিক্রিয়া, ‘ পাঞ্জাবের মাটিতে থেকে দু’বার অলিম্পিক্স পদক জয়ের মঞ্চে দাঁড়িয়ে দেশকে গর্বিত করেছে গুরজান্ত। ওর এই সফরটা যে কোনও নবীন খেলোয়াড়ের জন্য প্রেরণা ও শিক্ষণীয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
