অলস্পোর্ট ডেস্ক: কয়েক মাস ধরে, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেন্যু নিয়ে বিতর্ক পুরো ক্রিকেট বিশ্বতে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে হাইব্রিড ফর্ম্যাটের বিষয়ে একমত হওয়ার পর, পাকিস্তানের ক্রীড়ামন্ত্রক বিশ্বকাপের বিষয়ে বেঁকে বসে। যার ফলে আবার সেই টানাপড়েন নতুন মোড় নিয়েছে। তাদের দাবি যদি এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে তাহলে বিশ্বকাপ নয় কেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার জন্য জোর দিচ্ছে। তাই এবার বিশ্বকাপ নিয়েও একই পথে হাঁটতে চাইছে পাকিস্তান।
“আমার ব্যক্তিগত মত, যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রকের অধীনে আসে, তাই ভারত যদি তাদের এশিয়া কাপের খেলাগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি করে, আমরা ভারতে আমাদের বিশ্বকাপ খেলাগুলির জন্যও একই দাবি করব।” ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। ক্রীড়ামন্ত্রীর বিবৃতি নিশ্চিত করেছে যে বিসিসিআই যদি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার পরিকল্পনা করে তবে পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না।
এই বছর ভারতের মাটিতে হতে চলেছে বিশ্বকাপ। এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। পাকিস্তানে যে ভারত খেলতে যাবে না তা নিয়ে নিশ্চয়তা ছিলই। সে কারণে হাইব্রিড মডেলে নিয়ে যাওয়া হয়েছে এশিয়া কাপকে। কিন্তু বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি কমিটি গঠন করার ঠিক একদিন পর মাজারির এই বিবৃতি এসেছে।
কমিটির নেতৃত্বে রাখা হয়েছে বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং ১১ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন স্বয়ং মাজারি। ‘‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের মতামত দেব, যিনি পিসিবি-র পৃষ্ঠপোষক-ইন-চিফও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন,” মাজারি কমিটিতে বলেছিলেন।
“ভারত খেলাধুলাকে রাজনীতিতে নিয়ে আসে। আমি বুঝতে পারছি না কেন ভারত সরকার তাদের ক্রিকেট দলকে এখানে পাঠাতে চায় না। কিছু সময় আগে ভারত থেকে একটি বিশাল বেসবল দল ইসলামাবাদে খেলতে এসেছিল। ব্রিজ টিমও পাকিস্তানে খেলতে এসেছি। সেখানে প্রায় ৬০-এর বেশি লোক ছিল, আমি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম। তারা এখানে জিতেছে এবং চলে গিয়েছে। পাকিস্তানের ফুটবল, হকি এবং দাবা দলগুলিও ভারতে যায়,” তিনি বলেছেন।
ভারতীয় দলের পাকিস্তানে সম্ভাব্য সফরের বিষয়ে বিসিসিআই-এর “নিরাপত্তা উদ্বেগের” কথা বলতে গিয়ে, মাজারি অন্য দলগুলোর উদাহরণ তুলে ধরেন যারা পাকিস্তান সফর করেছে।
“নিউজিল্যান্ড দল এখানে ছিল, তার আগে ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে ছিল। তারা রাষ্ট্রপতির নিরাপত্তা পেয়েছিল। এর আগে, ভারতীয় দলকে এখানে ভক্তরা আন্তরিকভাবে স্বাগত জানায়। নিরাপত্তা একটি অজুহাত। আমরা পাকিস্তান সুপার লিগও আয়োজন করেছি। (পিএসএল) যেখানে অনেক বিদেশি খেলোয়াড় ছিল,” তিনি বলেন।
এখন দেখার শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেলা নিয়ে কী সিদ্ধান্ত নেয়। তবে পাকিস্তান বিশ্বকাপ না খেললে এক ধাক্কায় বিশ্বকাপের জৌলুস অনেকটাই কমে যাবে। কারণ আইসিসি টুর্নামেন্টের সব থেকে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান লড়াই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
