অলস্পোর্ট ডেস্ক: বিনোদ কাম্বলির ছোট ভাই বীরেন্দ্র কাম্বলি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্পর্কে নতুন করে উদ্বেগজনক খবর শেয়ার করেছেন। ভারতের হয়ে ১০৪টি ওয়ানডে এবং ১৭টি টেস্ট খেলা কাম্বলি বেশ কয়েক বছর ধরে শিরোনামে রয়েছেন তাঁর অসুস্থতার কারণে। ২১ ডিসেম্বর ২০২৪-এ, তাঁকে মূত্রনালীর সংক্রমণ এবং খিঁচুনির জন্য থানের আকৃতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্য ভিকি লালওয়ানি শো-তে কথা বলতে গিয়ে, তার ছোট ভাই জানিয়েছেন যে কাম্বলি এখনও তাঁর স্বাস্থ্য সমস্যা থেকে পুরোপুরি বেড়িয়ে আসতে পারেননি। বর্তমানে বান্দ্রায় তাঁর নিজের বাড়িতে রয়েছেন কাম্বলি, তবে এখনও সঠিকভাবে কথা বলতে সমস্যা হচ্ছে।
“তিনি এখন বাড়িতে আছেন। তিনি স্থিতিশীল হচ্ছেন, তবে তার চিকিৎসা চলছে। তার কথা বলতে অসুবিধা হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগবে। তবে তিনি একজন চ্যাম্পিয়ন, এবং তিনি ফিরে আসবেন। আশা করি তিনি হাঁটা এবং দৌড়াতে শুরু করবেন। আমার তার উপর অনেক বিশ্বাস আছে। আমি আশা করি আপনি তাকে আবার মাঠে দেখতে পাবেন,” বীরেন্দ্র বলেন।
বীরেন্দ্র সকলকে তার বড় ভাইয়ের সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। “তার ১০ দিন ধরে চিকিৎসা চলছিল। তার পুরো শরীরের পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মস্তিষ্কের স্ক্যানও ছিল। ফলাফল ঠিক ছিল; খুব বেশি সমস্যা ছিল না, কিন্তু যেহেতু সে হাঁটতে পারত না, তাই তাকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এখনও ওর কথা বলায় জড়তা রয়েছে, কিন্তু ভালো হয়ে উঠছে। আমি সবাইকে বলতে চাই , তার জন্য প্রার্থনা করুন, যাতে সে সুস্থ হয়ে ওঠে। তার আপনাদের ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন,” তিনি আরও যোগ করেন।
স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও, কাম্বলি আর্থিক সংকটে ভুগছেন। জানুয়ারির শুরুতে, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছিলেন যে তিনি ২০২৩ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন কিন্তু তার স্বামীর ‘অসহায় অবস্থা’ দেখে তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্রিল্যান্স সাংবাদিক সূর্যাংশি পান্ডে আয়োজিত পডকাস্টে, আন্দ্রেয়া জানিয়েছিলেন যে তিনি আগে কাম্বলিকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তাঁর স্বাস্থ্য নিয়ে ক্রমাগত চিন্তিত ছিলেন।
“আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে সে অসহায় হয়ে পড়বে। ও একটা শিশুর মতো, আর সেটা আমাকে কষ্ট দেয়। এটা আমাকে চিন্তিত করে তোলে। আমি এমনকি আমার বন্ধুকেও ছেড়ে যেতে চাইতাম না, কিন্তু ও তার চেয়েও বেশি কিছু। আমার মনে আছে এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি বেরিয়ে যেতাম। কিন্তু তারপর আমি ওকে নিয়ে চিন্তা করতাম, ও কি খেয়েছে নাকি? ও ঠিকঠাক শুয়েছে কি না? ও ঠিক আছে কিনা? তারপর আমাকে তার খোঁজ নিতে হত, এবং আমি বুঝতে পারতাম তার আমাকে প্রয়োজন,” আন্দ্রেয়া বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
