Cart Total Items (0)

Cart

All Sports
আইপিএল

অলস্পোর্ট ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ স্থগিত হওয়ার মাত্র কয়েকদিন পরেই, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লিগ পুনরায় শুরু করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। নিরাপত্তার কারণে টুর্নামেন্ট স্থগিত করার পর বেশ কয়েকজন বিদেশি তারকা ভারত ছেড়ে যাঁর যাঁর দেশে ফিরে গিয়েছেন। একটি প্রতিবেদন অনুসারে, টি-টোয়েন্টি লিগ পুনরায় শুরু করার তারিখ নিয়ে ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় থাকা সত্ত্বেও, বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের ফিরে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ইএসপিএনক্রিকইনফো অনুসারে, আইপিএলে বিদেশি ক্রিকেটারদের কতটা গুরুত্ব তা তো সবারই জানা। বিশেষ করে যাঁরা প্লে-অফের লক্ষ্যে লড়াই করছে, সেই সব দলের জন্য তো বটেই। তারা চাইবে টুর্নামেন্টে শুরুর আগে যেন সব বিদেশি দলের সঙ্গে যোগ দেন। কয়েকটি দল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরে খেলোয়াড়দের একটি বড় অংশকে দেশ ছাড়তে দেয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে এখান থেকে সবকিছু পরিকল্পনা অনুসারে চললে আইপিএল ১৫ মে নাগাদ শুরু হতে পারে।

এই মরসুমে সবচেয়ে ফর্মে থাকা দলগুলির মধ্যে একটি গুজরাট টাইটান্সের মাত্র দু’জন বিদেশি খেলোয়াড় দল ছেড়েছেন — জস বাটলার এবং জেরাল্ড কোয়েটজি — কিন্তু এখন তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

টুর্নামেন্টে মোট ১২টি লিগ পর্যায়ের ম্যাচ এবং চারটি প্লে-অফ পর্যায়ের ম্যাচ এখনও খেলা হয়নি।

আইপিএলের একজন শীর্ষস্থানীয় সূত্র, যিনি সম্প্রচারক এবং প্রযোজনা দলের গতিবিধি সম্পর্কে জানেন, ইঙ্গিত দিয়েছেন যে খুব বেশি ভেন্যু তাদের তালিকা থেকে বাদ যাবে না, তবে সম্ভবত ধর্মশালাকে এই পরিস্থিতিতে বাদের তালিকাতেই রাখা হবে।

“সম্প্রচারকরা প্রাথমিকভাবে তাদের প্রযোজনা ইউনিটকে কেবল তখনই বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইতে থাকতে বলেছিল যখন সামরিক সঙ্কট আরও তীব্র হচ্ছিল। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর, ক্রুদের মূল ভেন্যুতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

“সুতরাং ধর্মশালার খেলা বাদ দিলে, যা অন্যত্র পুনঃনির্ধারণ করা যেতে পারে, কলকাতার মতো ভেন্যুগুলিতে যে যে ম্যাচ বাকি রয়েছে সেগুলো সেখানেই হওয়ার সম্ভাবনা রয়েছে,” সূত্রটি জানিয়েছে।

সংঘাতের কারণে বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি মাঝপথে বাতিল করা হয়েছিল। তার পর ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায়, উভয় দলের খেলোয়াড় এবং সহায়তা কর্মীরা বাসে করে জলন্ধরে যান এবং তারপর দিল্লির উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।

১২টি লিগ ম্যাচের মধ্যে, আহমেদাবাদে তিনটি খেলা আয়োজনের কথা রয়েছে এবং লখনউ ও বেঙ্গালুরুতে দু’টি করে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ এবং জয়পুরে একটি করে ম্যাচ করার কথা রয়েছে।

ধর্মশালার ম্যাচটি যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয় নাকি আবার শুরু থেকে খেলা হয় তা এখনও দেখার বিষয়। প্লে-অফের ম্যাচগুলো হায়দরাবাদ এবং কলকাতায় হবে। ঐতিহাসিক ইডেন গার্ডেনে শিরোপা লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা আগে থেকেই সূচিতে ছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *